ইফতারের জন্য রাঁধুন হানি গ্লেসড চিকেন
এখন চলছে পবিত্র মাহে রমজান। সারা দিন রোজা রাখার পর আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে। ইফতারিতে অনেকের পছন্দ হানি গ্লেসড চিকেন। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে হানি গ্লেসড চিকেন রান্না করবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান পান্ডা মার্ট আজকের রেসিপির একটি পর্বে হানি গ্লেসড চিকেনের রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী এ্যানি রেশমা। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে হানি গ্লেসড চিকেন রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. ৫০০ গ্রাম মুরগির মাংস
২. দুই চা চামচ পেঁয়াজ বাটা
৩. দুই চা চামচ রসুন বাটা
৪. দুই চা চামচ আদা বাটা
৫. স্বাদমতো লবণ
৬. এক টেবিল চামচ সয়া সস
৭. এক টেবিল চামচ লেবুর রস
৮. এক চা চামচ মরিচের গুঁড়ো
৯. আধা চা চামচ ধনিয়া গুঁড়ো
১০. এক টেবিল চামচ সাদা তিল
১১. আধা কাপ পেঁয়াজ কিউব
১২. পরিমাণমতো তেল
১৩. আড়াই টেবিল চামচ টমেটো সস
১৪. আধা কাপ টমেটো কুচি
১৫. আধা কাপ ক্যাপসিকাম কুচি
১৬. দেড় চা চামচ মধু
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে মুরগির মাংস, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, সয়া সস, লেবুর রস, মরিচের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাইপ্যানে তেল দিন। গরম তেলে আদা বাটা, পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে হালকা ভেজে মসলায় মাখানো মাংস ও পানি দিয়ে ঢেকে রান্না করুন।
সবশেষে পেঁয়াজ কিউব, মরিচের গুঁড়ো, টমেটো সস, সয়া সস ও ক্যাপসিকাম দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে মধু ও তিল দিয়ে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু হানি গ্লেসড চিকেন। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক