ইফতারে রাখুন চিকেন ভেজিটেবল সালাদ
এখন পবিত্র মাহে রমজান। সারা দিন রোজা রাখার পর ইফতার বা সেহরিতে আমাদের খেতে হবে স্বাস্থ্যসম্মত খাবার। ইফতারে অনেকের পছন্দ চিকেন ভেজিটেবল সালাদ। আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে চিকেন ভেজিটেবল সালাদ রান্না করতে পারবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান পান্ডা মার্ট আজকের রেসিপির একটি পর্বে চিকেন ভেজিটেবল সালাদের রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী এ্যানি রেশমা। অতিথি ছিলেন কস্টিউম ডিজাইনার ইদিলা ফরিদ তুরিন। অনেকের মতো এটি তাঁর পছন্দের খাবার।
আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে চিকেন ভেজিটেবল সালাদ রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. ৫০০ গ্রাম মুরগির মাংস
২. এক চা চামচ আদা বাটা
৩. এক চা চামচ রসুন বাটা
৪. দুই চা চামচ পেঁয়াজ বাটা
৫. স্বাদমতো লবণ
৬. এক চা চামচ সয়া সস
৭. দুই চা চামচ চিলি সস
৮. পরিমাণমতো মরিচের গুঁড়ো
৯. দুই টেবিল চামচ তেল
১০. আধা কাপ ফুলকপি কুচি
১১. পরিমাণমতো কাঁচামরিচ ফালি
১২. দুই চা চামচ পেঁয়াজ কুচি
১৩. দুই চা চামচ গাজর কুচি
১৪. আধা কাপ ক্যাপসিকাম কুচি
১৫. আধা কাপ বাঁধাকপি কুচি
১৬. দুই চা চামচ সাদা তিল
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে মুরগির মাংস, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লবণ, সয়া সস, চিলি সস ও মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে মেরিনেট করুন। এবার ফ্রাইপ্যানে তেল দিন। গরম তেলে মেরিনেট করা মাংস দিয়ে হালকা ভাজুন।
এবার ফুলকপি কুচি, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি, লবণ ও চিলি সস দিয়ে ভালো করে ভেজে নিন। সবশেষে সাদা তিল দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিকেন ভেজিটেবল সালাদ। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক