ইফতার বা সেহরিতে ভিন্ন স্বাদের চিকেন রোস্ট
এখন পবিত্র মাহে রমজান। সারা দিন রোজা রাখার পর ইফতার বা সেহরিতে আমাদের খেতে হবে স্বাস্থ্যসম্মত খাবার। ইফতারে অনেকের পছন্দ চিকেন রোস্ট। আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে চিকেন রোস্ট রান্না করতে পারবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান পান্ডা মার্ট আজকের রেসিপির একটি পর্বে চিকেন রোস্টের রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী এ্যানি রেশমা। অতিথি ছিলেন উপস্থাপক নীল হুরের জাহান। অনেকের মতো এটি তাঁর পছন্দের খাবার।
আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে চিকেন রোস্ট রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. ৫০০ গ্রাম মুরগির মাংস
২. পরিমাণমতো লেবুর রস
৩. পরিমাণমতো তেল
৪. এক টেবিল চামচ ঘি
৫. এক টেবিল চামচ পেঁয়াজ কুচি
৬. স্বাদমতো লবণ
৭. চার-পাঁচটি লবঙ্গ
৮. পাঁচটি এলাচ
৯. তিন-চারটি দারুচিনি
১০. আধা টেবিল চামচ গরম মসলার গুঁড়ো
১১. আধা চা চামচ ধনিয়া গুঁড়ো
১২. আধা চা চামচ জিরার গুঁড়ো
১৩. পরিমাণমতো পানি
১৪. আধা চা চামচ মরিচের গুঁড়ো
১৫. এক টেবিল চামচ আদা বাটা
১৬. এক টেবিল চামচ রসুন বাটা
১৭. দুই চা চামচ পেঁয়াজ বাটা
১৮. দুই চা চামচ বাদাম বাটা
১৯. তিন-চারটি তেজপাতা
২০. এক টেবিল চামচ ক্রিম
২১. এক টেবিল চামচ টমেটো কেচাপ
২২. আধা কাপ পেঁয়াজ বেরেস্তা
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে মুরগির মাংস নিন। সাথে এক চিমটি করে লবণ, আদা বাটা, মরিচের গুঁড়ো, পেঁয়াজের রস ও গরম মসলার গুঁড়ো দিয়ে মাখিয়ে তেলে হালকা করে ভাজুন। সসপ্যানে তেল দিন। এবার এতে ঘি, পেঁয়াজ কুচি, লবণ, লবঙ্গ, এলাচ, দারুচিনি, গরম মসলার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পানি ও মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
এবার তাতে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা ও পানি দিন। এতে পেঁয়াজ বেরেস্তা ও ভাজা মুরগির মাংস দিয়ে ঢেকে দিন। এরপর বাদাম ও তেজপাতা দিয়ে রান্না করুন। সবশেষে বাদাম, ক্রিম, টমেটো কেচাপ, পেঁয়াজ বেরেস্তা ও ঘি দিয়ে কিছুক্ষণ রান্না করুন।
রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিকেন রোস্ট। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক