খেজুর ও কাঠবাদামের স্বাদে চকলেট সমুচা
সমুচা খেতে ভালোবাসেন না, এমন মানুষ পাওয়া দুষ্কর। আর চকলেট সমুচা হলে তো কথাই নেই। বড়-ছোট সবাই চকলেট সমুচা খেতে পছন্দ করে। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে চকলেট সমুচা তৈরি করবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান আজকের রেসিপির একটি পর্বে চকলেট সমুচার রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে চকলেট সমুচা তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. ১/৪ কাপ খেজুর
২. দুই টেবিল চামচ কাঠবাদাম
৩. এক টেবিল চামচ কিসমিস
৪. এক টেবিল চামচ চিনি
৫. দুই টেবিল চামচ কুকিং চকলেট
৬. পরিমাণমতো স্প্রিং রোল পাতি
৭. পরিমাণমতো তেল
প্রস্তুত প্রণালি
ফ্রাইপ্যানে খেজুর, কাঠবাদাম, কিসমিস ও চিনি দিয়ে জ্বালিয়ে নরম করে নিন। এর মধ্যে কুকিং চকলেট দিয়ে ভাজুন। ভাজা হয়ে গেলে স্প্রিং রোল পাতির ওপর দিয়ে সমুচা আকারে তৈরি করে নিন। এর পর সসপ্যানে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে পরিবেশন করুন দারুণ মজাদার চকলেট সমুচা। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক