গরুর মাংস দিয়ে শিক কাবাব বিরিয়ানি
কাবাব খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। পুরান ঢাকায় বাহারি সব কাবাব পাওয়া যায়। হোটেল বা রেস্তোরাঁয় না গিয়ে আপনি ঘরেও তৈরি করতে পারেন মজাদার ও স্বাস্থ্যসম্মত কাবাব। আর বিরিয়ানি তো সবার পছন্দের। আজ আমরা জেনে নেব, কীভাবে ঘরে তৈরি করবেন শিক কাবাব বিরিয়ানি।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান আজকের রেসিপির একটি পর্বে শিক কাবাব বিরিয়ানির রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী মিলা। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে শিক কাবাব বিরিয়ানি রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. ৫০০ গ্রাম গরুর মাংস
২. এক চা চামচ পেঁপে বাটা
৩. এক চা চামচ রসুন বাটা
৪. এক চা চামচ আদা বাটা
৫. এক চা চামচ কাবাব মশলা
৬. স্বাদমতো লবণ
৭. দুই টেবিল চামচ সরিষার তেল
৮. পরিমাণমতো চাল সেদ্ধ
৯. দুটি দারুচিনি
১০. তিন-চারটি এলাচ
১১. এক কাপ পেঁয়াজ বেরেস্তা
১২. সামান্য চিনি
১৩. এক চা চামচ ঘি
১৪. দুই-তিনটি লবঙ্গ
১৫. দুই-তিনটি গোলমরিচ
১৬. আধা কাপ গুঁড়ো দুধ
প্রস্তুত প্রণালি
বাটিতে গরুর মাংস, পেঁপে বাটা, রসুন বাটা, আদা বাটা, কাবাব মশলা, লবণ ও সরিষার তেল দিয়ে মাখিয়ে কাবাব তৈরি করে নিন। এরপর সসপ্যানে চাল সেদ্ধ, দারুচিনি, এলাচ, পেঁয়াজ বেরেস্তা, চিনি, ঘি, লবঙ্গ, গোলমরিচ, শিক কাবাব, চাল সেদ্ধ, ঘি ও গুঁড়ো দুধ দিয়ে ঢেকে ১০ মিনিট রান্না করুন।
রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন শিক কাবাব বিরিয়ানি। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক