চিকেন সিক্সটি ফাইভ খেতে ইচ্ছে করছে?
মুরগি বা চিকেন খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই আছেন। চিকেন দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। সকাল বা বিকেলের নাশতায়, দুপুর বা রাতের খাবারে প্রায়ই আমাদের পাতে থাকে নানা পদের চিকেন। আজ আমরা জানাব, কীভাবে সহজে তৈরি করবেন চিকেন সিক্সটি ফাইভ।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘উইকলি নিউ রেসিপি’-র একটি পর্বে মজাদার চিকেন সিক্সটি ফাইভের রেসিপি দিয়েছেন এ্যানি রেশমা। এতে উপাদানও কম লাগে আর তৈরি হয় চটজলদি। চলুন, এক ঝলকে দেখে নিই কীভাবে চিকেন সিক্সটি ফাইভ রান্না করবেন—
উপকরণ
১. ৫০০ গ্রাম চিকেন
২. এক চা চামচ রসুন বাটা
৩. আধা কাপ আদা বাটা
৪. এক চা চামচ সাদা গোল মরিচের গুঁড়ো
৫. দুই টেবিল চামচ সয়া সস
৬. এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার
৭. দুই টেবিল চামচ ময়দা
৮. তিন টেবিল চামচ বাটার
৯. দুই টেবিল চামচ পেঁয়াজকুচি
১০. এক চা চামচ আদাকুচি
১১. এক টেবিল চামচ রসুনকুচি
১২. দুই চা চামচ কাঁচামরিচকুচি
১৩. স্বাদমতো লবণ
১৪. দুই চা চামচ টমেটো সস
১৫. দুই টেবিল চামচ ধনেপাতাকুচি
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে চিকেন, রসুন বাটা, আদা বাটা, সাদা গোলমরিচের গুঁড়ো, সয়া সস, কর্নফ্লাওয়ার ও ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার ফ্রাইপ্যানে বাটার দিন। এতে মসলায় মাখানো চিকেন গোলাকার করে ভেজে তুলে রাখুন।
আর একটি ফ্রাইপ্যানে পেঁয়াজকুচি, আদাকুচি, রসুনকুচি, কাঁচামরিচকুচি, লবণ, টমেটো সস, ভাজা চিকেন ও ধনেপাতাকুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিকেন সিক্সটি ফাইভ। মজাদার চিকেন সিক্সটি ফাইভ সহজে তৈরি করতে ও এর রন্ধন প্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক