ঝটপট বানান প্রভার পছন্দের স্নো বল ডিলাইট
এখন চলছে পবিত্র মাহে রমজান। সারা দিন রোজা রাখার পর আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে। ইফতারিতে অনেকের পছন্দ স্নো বল ডিলাইট। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে স্নো বল ডিলাইট রান্না করবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান পান্ডা মার্ট আজকের রেসিপির একটি পর্বে স্নো বল ডিলাইটের রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী এ্যানি রেশমা। অতিথি ছিলেন ফুড ব্লগার ফাবিহা নওশিন প্রভা। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে স্নো বল ডিলাইট রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. তিনটি ডিম
২. পরিমাণমতো চিনি
৩. এক লিটার দুধ
৪. আধা চা চামচ কর্নফ্লাওয়ার
৫. স্বাদমতো লবণ
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে ডিমের সাদা অংশ নিন। এতে চিনি দিয়ে ব্লেন্ড করে সাদা স্নোর মতো করুন। এবার ফ্রাইপ্যানে তরল দুধ দিন। এতে ডিমের হলুদ অংশ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর কর্নফ্লাওয়ার ও লবণ মিশিয়ে নাড়তে থাকুন। সবশেষে সাদা স্নো বল আকারে দিয়ে ঢেকে রান্না করুন।
রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার স্নো বল ডিলাইট। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক