টিফিনে বাচ্চাদের প্রিয় সাবম্যারিন
বাচ্চারা সাবম্যারিন খেতে ভালোবাসে। বিশেষ করে টিফিনের সময় অনেকের প্রিয় খাবার সাবম্যারিন। বড়রা যে সাবম্যারিন পছন্দ করেন না, তা নয়। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে স্বাস্থ্যসম্মত সাবম্যারিন তৈরি করবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান টেল প্লাস্টিকস রান্নাঘর-এর একটি পর্বে সাবম্যারিনের রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রীতা। খাবারের পুষ্টিগুণ বর্ণনা করেছেন পুষ্টিবিদ তাসনীম আশিক। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে সাবম্যারিন তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. একটি সাব বান
২. দুই টেবিল চামচ বাটার অয়েল
৩. তিন টেবিল চামচ আদা-রসুন বাটা
৪. স্বাদমতো লবণ
৫. দুই চা চামচ গোলমরিচের গুঁড়ো
৬. ৫০০ গ্রাম চিকেন
৭. দুই চা চামচ পেঁয়াজ কুচি
৮. দুই টেবিল চামচ মাশরুম কুচি
৯. এক কাপ টমেটো স্লাইস
১০. দুই টেবিল চামচ মেয়নেজ
১১. দুই চা চামচ মধু
১২. তিন টেবিল চামচ টমেটো কেচাপ
প্রস্তুত প্রণালি
প্রথমে চপিং বোর্ডে সাব বান কেটে নিন। ফ্রাইপ্যানে বাটার অয়েল দিন। এবার বাটিতে চিকেন, আদা-রসুন বাটা, লবণ ও গোলমরিচের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন। এখন মসলায় মাখানো চিকেন ফ্রাইপ্যানে ঢেলে দিন। এতে পেঁয়াজ কুচি, মাশরুম কুচি, টমেটো স্লাইস ও লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে ফিলার তৈরি করুন।
আরেকটি ফ্রাইপ্যানে বাটার অয়েল দিয়ে ব্রেড সেঁকে নিন। ভাজা ব্রেডে মেয়নেজ মাখিয়ে নিন। এতে ফিলার, মধু, টমেটো কেচাপ ও লেটুস পাতা উপরে দিয়ে ব্রেডের বাকি অংশ লাগিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার সাবম্যারিন।
এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন। সেই সঙ্গে দেখে নিন সুইট অ্যান্ড সাওয়ার প্রনের রেসিপি।

ফিচার ডেস্ক