পস্তাবেনই যখন, মিষ্টি কুমড়ার লাড্ডু খেয়ে পস্তান!
মিষ্টি কুমড়া পুষ্টিগুণ সমৃদ্ধ। তাই অনেকের পছন্দ মিষ্টি কুমড়ার লাড্ডু। লাড্ডুতে ঘি ছাড়া চলে না। মিষ্টি কুমড়াতে এমন উপাদান রয়েছে, যেটি মুড চেঞ্জ করে। যদি অবসাদগ্রস্ত হন, তবে মিষ্টি কুমড়া খান। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে মিষ্টি কুমড়ার লাড্ডু তৈরি করবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান টেল প্লাস্টিকস রান্নাঘর-এর একটি পর্বে মিষ্টি কুমড়ার লাড্ডুর রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রীতা। খাবারের পুষ্টিগুণ বর্ণনা করেছেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে মিষ্টি কুমড়ার লাড্ডু রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. দুই টেবিল চামচ ঘি
২. এক কাপ মিষ্টি কুমড়া
৩. এক টেবিল চামচ এলাচ পাউডার
৪. আধা কাপ কোড়ানো নারকেল
৫. আধা কাপ চিনি
৬. পরিমাণমতো কেওড়া জল
৭. এক টেবিল চামচ কাঠবাদাম
৮. দুই টেবিল চামচ কিসমিস
৯. এক কাপ গুঁড়ো দুধ
প্রস্তুত প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে ঘি দিন। এতে মিষ্টি কুমড়া, এলাচ পাউডার, কোড়ানো নারকেল, চিনি, কেওড়া জল, কাঠবাদাম, কিসমিস ও গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। এবার পানি শুকিয়ে এলে অন্য একটি পাত্রে নামিয়ে নিন।
সবশেষে লাড্ডু আকারে বানিয়ে গুঁড়ো দুধের সাথে জড়িয়ে পরিবেশন করুন মিষ্টি কুমড়ার লাড্ডু। এ রেসিপিটি সহজে তৈরি করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক