পুষ্টিগুণে ভরা নারকেল কচু চিংড়ির রেসিপি
অনেকে কচুর তরকারি খেতে পছন্দ করেন। এর সঙ্গে চিংড়ি যুক্ত করলে স্বাদ বাড়ে দ্বিগুণ। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে নারকেল দিয়ে কচু চিংড়ি রান্না করবেন।
কচু পুষ্টিগুণে ভরা। সপ্তাহে অন্তত এক দিন কচু খাওয়া উচিত। যাঁদের ডায়াবেটিস রয়েছে বা ইনসুলিন নিতে হচ্ছে, তাঁদের জন্য খুব উপকারী কচু। নারকেল ত্বক ও চুলের জন্য বেশ উপকারী।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান টেল প্লাস্টিকস রান্নাঘর-এর একটি পর্বে নারকেল দিয়ে কচু চিংড়ির রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রীতা। খাবারের পুষ্টিগুণ বর্ণনা করেছেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে নারকেল দিয়ে কচু চিংড়ি রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. পরিমাণমতো তেল
২. পাঁচটি তেজপাতা
৩. সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো
৪. পরিমাণমতো পেঁয়াজ বাটা
৫. এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো
৬. এক টেবিল চামচ জিরার গুঁড়ো
৭. এক টেবিল চামচ মরিচের গুঁড়ো
৮. সামান্য পরিমাণ রসুন বাটা
৯. এক টেবিল চামচ আদা বাটা
১০. এক কাপ নারকেল পেস্ট
১১. পরিমাণমতো পানি
১২. দুই কাপ কচু
১৪. পরিমাণমতো চিংড়ি মাছ
১৫. আট-দশটি কাঁচামরিচ
প্রস্তুত প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। একটি বাটিতে তেজপাতা, হলুদের গুঁড়ো, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, নারকেল পেস্ট, পানি ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মেশানো মসলা ফ্রাইপ্যানে ঢেলে কিছুক্ষণ কষিয়ে নিন।
এবার কচু ও চিংড়ি মাছ দিয়ে ঢেকে দিন। সবশেষে কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন নারকেল দিয়ে কচু চিংড়ি। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক