ভিন্ন স্বাদের মুখরোচক চানার ডালের বড়া
বিকেল বা সন্ধ্যায় অনেকে মুখরোচক খাবার খেতে ভালোবাসে। হোটেল বা রেস্তোরাঁয় না গিয়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনি সহজে তৈরি করতে পারেন ইয়াম্মি সব রেসিপি। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে চানার ডালের বড়া তৈরি করবেন। ডাল-ভাতের সঙ্গে খেতেও মজা।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান আজকের রেসিপির একটি পর্বে চানার ডালের বড়ার রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন জনপ্রিয় অভিনেত্রী নোভা ফিরোজ। উপস্থাপনায় ছিলেন রন্ধনশিল্পী মিলা। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে চানার ডালের বড়া রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. পরিমাণমতো তেল
২. এক কাপ চানার ডাল
৩. এক চা চামচ লেবুর রস
৪. এক চা চামচ পেঁয়াজ ও রসুন বাটা
৫. এক চা চামচ পেঁয়াজ পাতা
৬. এক চা চামচ ধনেপাতা
৭. স্বাদমতো লবণ
প্রস্তুত প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। বাটিতে চানার ডাল, লেবুর রস, পেঁয়াজ-রসুন বাটা, পেঁয়াজ পাতা, ধনেপাতা ও লবণ দিয়ে মাখিয়ে নিন। এবার বড়া আকারে বানিয়ে গরম তেলে ছেড়ে ভাজুন।
ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চানার ডালের বড়া। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক