মাদ্রাজি স্টাইলে ম্যাকারনি স্যুপ
স্যুপ শরীরের জন্য উপকারী। শুধু অসুস্থ হলেই যে স্যুপ খেতে হবে, এমন নয়। সুস্বাস্থ্যের আমাদের মাঝেমধ্যে স্যুপ খাওয়া দরকার। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে ম্যাকারনি স্যুপ তৈরি করবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান কুলসন ম্যাকারনি ক্লাসিক রেসিপি-এর একটি পর্বে ম্যাকারনি স্যুপের রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী কল্পনা রহমান। অনুষ্ঠানে অতিথি ছিলেন জনপ্রিয় টিভি তারকা শারমিন লাকী। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে ম্যাকারনি স্যুপ তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে।
উপকরণ
১. ছয় কাপ চিকেন স্টক
২. দুই টেবিল চামচ রসুন বাটা
৩. দুই টেবিল চামচ সেসিমি অয়েল
৪. দুই টেবিল চামচ ব্রাউন সুগার
৫. এক কাপ নারকেলের দুধ
৬. আধা চা চামচ হলুদের গুঁড়ো
৭. এক চা চামচ কাঁচামরিচ কুচি
৮. এক কাপ চিকেন কিউব
৯. দুই টেবিল চামচ লেবুর রস
১০. আধা কাপ পেঁয়াজ পাতা কুচি
১১. ১/৪ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো
১২. দুই টেবিল চামচ বাদাম কুচি
১৩. এক কাপ সেদ্ধ ম্যাকারনি
১৪. পরিমাণমতো ধনেপাতা কুচি
প্রস্তুত প্রণালি
প্রথমে স্টকের মধ্যে রসুন, ব্রাউন সুগার, নারকেলের দুধ, সেসিমি অয়েল, হলুদের গুঁড়ো ও কাঁচামরিচ কুচি দিয়ে চিকেন কিউবগুলো সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে লেবুর রস, পেঁয়াজ পাতা কুচি, গোলমরিচের গুঁড়ো ও সেসিমি অয়েল দিয়ে স্যুপ তৈরি করুন।
এবার একটি পাত্রে বাদাম কুচি, পেঁয়াজ পাতা ও তৈরি করা স্যুপ ঢেলে তাতে সেদ্ধ ম্যাকারনি ও ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার মাদ্রাজি স্টাইলে ম্যাকারনি স্যুপ। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক