যেভাবে রান্না করবেন চিংড়ির মালাইকারি
চিংড়ি খেতে অনেকে খুব পছন্দ করেন। এ মাছ দিয়ে নানা পদের তরকারি রান্না করা যায়। অনেকের আবার চিংড়ির মালাইকারি পছন্দ। তাঁদের জন্য আমাদের আজকের এই রেসিপি।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘উইকলি নিউ রেসিপি’-র একটি পর্বে মজাদার চিংড়ির মালাইকারির রেসিপি দিয়েছেন এ্যানি রেশমা। এতে উপাদানও কম লাগে আর তৈরি হয় চটজলদি। চলুন, এক ঝলকে দেখে নিই কীভাবে চিংড়ির মালাইকারি রান্না করবেন—
উপকরণ
১. তিন টেবিল চামচ ঘি
২. পরিমাণমতো পাস্তুরিত দুধ
৩. ৫০০ গ্রাম চিংড়ি মাছ
৪. দুই চা চামচ পেঁয়াজকুচি
৫. এক চা চামচ রসুনকুচি
৬. এক চা চামচ আদা বাটা
৭. দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো
৮. আধা টেবিল চামচ ধনিয়া গুঁড়ো
৯. স্বাদমতো লবণ
১০. সামান্য পরিমাণ চিনি
১১. তিন-চারটি কাঁচামরিচ
১২. দুই টেবিল চামচ ক্রিম
১৩. পরিমাণমতো ধনেপাতাকুচি
১৪. পরিমাণমতো কোড়ানো নারকেল
প্রস্তুত প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে ঘি দিন। এতে পেঁয়াজকুচি, রসুনকুচি, আদা বাটা, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, চিংড়ি মাছ, লবণ ও চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে পাস্তুরিত দুধ, কোড়ানো নারকেল, চিনি, পেঁয়াজকুচি ও কাঁচামরিচ দিয়ে রান্না করুন। সবশেষে ক্রিম, ধনেপাতাকুচি দিয়ে রান্না করে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। মজাদার চিংড়ি মাছের মালাইকারি সহজে তৈরি করতে ও এর রন্ধন প্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক