রেশমার ইয়াম্মি রেসিপি চিকেন ফ্রাইড রাইস
প্রতিদিন একই ধরনের খাবার খেতে আমাদের একঘেয়ে লাগে। আর ইফতারেও চাই ভিন্নতা। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে রান্না করবেন ভিন্ন স্বাদের চিকেন ফ্রাইড রাইস।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান পান্ডা মার্ট আজকের রেসিপির একটি পর্বে চিকেন ফ্রাইড রাইসের রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী এ্যানি রেশমা। অতিথি ছিলেন আইনজীবী ও বিজনেস কানসালটেন্ট তাসনুভা সালাম। অনেকের মতো এটি তাঁর পছন্দের খাবার। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে চিকেন ফ্রাইড রাইস রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. ৫০০ গ্রাম মুরগির মাংস
২. এক চা চামচ আদা বাটা
৩. এক চা চামচ রসুন বাটা
৪. স্বাদমতো লবণ
৫. স্বাদমতো টেস্টিং সল্ট
৬. দুটি ডিম
৭. পরিমাণমতো তেল
৮. এক চা চামচ পেঁয়াজ কুচি
৯. এক চা চামচ গাজর কুচি
১০. আধা কাপ ক্যাপসিকাম কুচি
১১. স্বাদমতো কাঁচামরিচ ফালি
১২. এক কাপ সেদ্ধ রাইস
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে মুরগির মাংস নিন। তাতে আদা বাটা, রসুন বাটা, লবণ ও টেস্টিং সল্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে মেরিনেট করুন। অন্য একটি পাত্রে ডিম দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন।
এবার ফ্রাইপ্যানে তেল দিন। গরম তেলে মসলায় মাখানো মুরগির মাংস, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে ভেজে নিন।
ভাজা হয়ে গেলে তাতে সেদ্ধ রাইস, টেস্টিং সল্ট ও লবণ দিয়ে রান্না করুন। সবশেষে ভাজা ডিম দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিকেন ফ্রাইড রাইস। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক