ভ্রমণের সময় প্রসাধনী কীভাবে নেবেন?
কোথাও ঘুরতে যাওয়ার সময় প্রসাধনী নিয়ে ভীষণ ঝামেলায় পড়তে হয়। কারণ জায়গামতো পৌঁছানোর পর দেখা যায় প্রসাধনীর মুখ খুলে সব জামা-কাপড় নষ্ট হয়ে গেছে। এই ঝামেলায় যেন পড়তে না হয় সে কারণে হাফিংটন পোস্টে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। চলুন, এক নজরে দেখে নিন ভ্রমণের সময় ব্যাগের মধ্যে প্রসাধনী কীভাবে নিবেন-

১. কমপ্যাক্ট পাউডার, আইশ্যাডো ও ফেস পাউডার এর ওপর তুলা দিয়ে ঢেকে মুখ আটকে নিন। দেখবেন, টাইট থাকার কারণে এগুলো একটুও গুঁড়ো হবে না।

২. পানি জাতীয় প্রসাধনীর মুখ খুলে স্বচ্ছ তেলতেলে প্লাসিকের কাগজ মুড়িয়ে মুখ আটকে নিন। এতে এই প্রসাধনী বাইরে বের হবে না।

৩. সুগন্ধির মুখ একটু ফাঁকা থাকলেই এর গন্ধ বের হয়ে যায়। যেকোনো ধরনের সুগন্ধি একটি মোজার মধ্যে ভরে শক্ত করে বেঁধে রাখুন। এতে সুগন্ধির গন্ধ ছড়িয়ে পড়বে না।

৪. মেকআপের ব্রাশগুলোতে যাত্রাপথে ব্যাগের মধ্যে ময়লা লাগতে পারে। এমনকি জীবাণুও ছড়াতে পারে। তাই ব্রাশগুলো প্লাস্টিকের ছোট ব্যাগে পেঁচিয়ে নিন।

৫. যে প্রসাধনীগুলোর কারণে কাপড়ে দাগ লেগে যেতে পারে সেগুলো জিপার প্লাস্টিকের ব্যাগে রাখুন। এতে প্রসাধনী বোতল থেকে বের হয়ে গেলেও নষ্ট হবে না। আপনি পরবর্তী সময়ে ব্যবহার করতে পারবেন।

৬. সব ধরনের প্রসাধনী একটি ব্যাগের মধ্যে রেখে ব্যাগটি ওয়াটার প্রুফ প্যাকেটে পেঁচিয়ে নিন। এতে আপনি যাত্রাপথে ওয়াশরুমে গেলেও ভেজার সম্ভাবনা থাকবে না।

৭. অনেক প্রসাধনী ছোট প্যাকেটে কিনতে পাওয়া যায়। ভ্রমণের সময় এগুলো নিয়ে যাওয়াই ভালো। এতে ওজন কম হবে এবং আপনার প্রসাধনীগুলো ভালোও থাকবে।

৮. ভ্রমণের সময় পুরো ব্যাগ ভর্তি করে কাপড় নিন। ব্যাগের মধ্যে ফাঁকা থাকলে জিনিসপত্র উল্টাপাল্টা হতে পারে। তাই ব্যাগে ভালোভাবে কাপড় ও প্রসাধনী রাখুন। যাতে জায়গা না থাকে।

৯. কাঁচের বোতলের প্রসাধনীগুলো হালকা কিছুতে নিয়ে নিন। যাতে ওজন কম হয়। এ ক্ষেত্রে ছোট প্লাস্টিকের ক্রিমের বোতল বা লেন্স রাখার বাক্স ব্যবহার করতে পারেন।

১০. লিপস্টিক, আইলাইনার, কাজল, ছোট আইশ্যাডো একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে নিন। যাতে প্রয়োজনের সময় হাতের কাছে খুঁজে পান।

জান্নাতুল এ্যানি