প্লাস্টিকের ব্যাগ কী কী কাজে লাগে?
দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যাগ অনেক কাজে লাগে। তবে আজকাল একেবারেই পাতলা এক ধরনের প্লাস্টিক পাওয়া যায়। এগুলো খাবার সতেজ রাখার পাশাপাশি নানা কাজে ব্যবহৃত হয়। প্লাস্টিকের ব্যাগ কী কী কাজে লাগে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে হাফিংটন পোস্টে।
• ফুল সতেজ রাখতে এর কাটা অংশ প্লাস্টিক দিয়ে মুড়িয়ে তোড়া বানান। এতে অনেকক্ষণ ফুল তাজা থাকবে।
• একটি খালি বোতলের মুখে প্লাস্টিক মুড়িয়ে ছোট ছোট ছিদ্র করুন। এর মধ্যে ও ওপরে আপেল সিডার ভিনেগার ও ডিশ ওয়াশিং সোপ ছিটিয়ে রাখুন। দেখবেন, মাছি এই ফাঁদে সহজেই ধরা পড়বে।
• বাইরে কোথাও ঘুরতে গেলে কসমেটিকসের বাক্স প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখুন। এতে প্রসাধনীগুলো নষ্ট হবে না। এ ছাড়া যেকোনো কেবিনেটের ড্রয়ার প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখুন। এতে ধুলাবালি ভেতরে প্রবেশ করতে পারবে না।
• ফলের জুস ফ্রেশ রাখতে চাইলে গ্লাসের মুখে প্লাস্টিক মুড়িয়ে রাখুন। এতে অনেকক্ষণ জুস সতেজ থাকবে।
• লবণ ও গোরমরিচের গুঁড়ো যে বোতলে রাখেন সেগুলোর মুখে প্লাস্টিক মুড়িয়ে আটকে নিন। এতে এগুলোতে বাতাস প্রবেশ করতে পারবে না।
• ঘরে রং করার সময় আসবাব প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখুন। এ ছাড়া বাথরুমের কমোডের ওপরের অংশ প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখুন। যাতে এর রং নষ্ট হয়ে না যায়।
• আইস ট্রেতে ভিন্ন ভিন্ন কিছু রাখতে হলে প্লাসিক দিয়ে মুড়িয়ে ফ্রিজে রাখুন। এর ফলে একটির কারণে অন্যটির রং ও গন্ধ নষ্ট হবে না।
• গয়না প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখলে এর রং নষ্ট হবে না এবং ধুলাবালিও পড়বে না।
• ফ্রিজের ভেতরের ট্রে ও কেবিনেটগুলো প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখুন। এতে এগুলোতে আর দাগ পড়বে না।
• কলা কাটার পর কাটা অংশ প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখুন। এতে কলা অনেকক্ষণ সতেজ থাকবে।

জান্নাতুল এ্যানি