মচমচে চিকেন কাটলেট
বিকেলের নাশতা হিসেবে কাটলেট সবারই বেশ পছন্দ। তাই আজকের আয়োজনে থাকছে চিকেন কাটলেটের রেসিপি। খুব সহজে বাসায় বসে তৈরি করতে জেনে নিন, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন মচমচে এই কাটলেট।
উপকরণ
হাড়ছাড়া মুরগির বুকের মাংস চার টুকরা, ময়দা আধা কাপ, ডিম দুটি, বিস্কুটের গুঁড়া দুই কাপ, গোলামরিচের গুঁড়া সামান্য, সরিষা বাটা দুই চা চামচ, রসুনের গুঁড়া এক চা চামচ, তেল ভাজার জন্য ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি প্যানে তেল দিয়ে তাতে মুরগির মাংস দিন। সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে ১০ মিনিট ভেজে প্লেটে তুলে রাখুন। এবার একটি বাটিতে ময়দা, লবণ, গোলমরিচের গুঁড়া ও রসুনের গুঁড়া মিশিয়ে নিন। অন্য একটি বাটিতে সরিষা বাটার মধ্যে ডিম ভালো করে বিট করে নিন। আরেকটি বাটিতে বিস্কুটের গুঁড়া রাখুন। এখন ভাজা মুরগির মাংসগুলোতে প্রথমে ময়দার মিশ্রণ লাগিয়ে এরপর ডিমের মিশ্রণে চুবিয়ে সবশেষে বিস্কুটের গুঁড়া লাগান। এভাবে ট্রেতে সাজিয়ে এক ঘণ্টার মতো ফ্রিজে রেখে দিন। এবার একটি প্যানে তেল গরম করে মুরগির মাংসগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে তিন মিনিট ভাজুন। বাদামি হয়ে গেলে প্লেটে তুলে টিস্যু দিয়ে চেপে অতিরিক্ত তেল বের করে ফেলুন। এবার টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু চিকেন কাটলেট।

ফিচার ডেস্ক