রেস্তোরাঁয় ইফতার
লেক টেরেসে ভিনদেশি খাবার
উত্তরা ৭ নম্বর সেক্টরের লেকের কোল ঘেঁষে লেক টেরেস রেস্তোরাঁটি। ফাইভ স্টার মানের ভিনদেশি খাবারের কারণে এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। মুখরোচক খাবারের এই রেস্তোরাঁ পুরো রমজানজুড়ে রেখেছে খাবারের বিশেষ আয়োজন।
ইফতারে রয়েছে তাদের চারটি প্ল্যাটার। মজার ব্যাপার হচ্ছে, প্রতিটি প্ল্যাটারকে পরিচয় করিয়ে দিতে ভিন্ন নামে আখ্যা দেওয়া হয়েছে। নামের সঙ্গে সঙ্গে খাবারেও রয়েছে পরিবর্তন। যেমন ‘আশা’ প্ল্যাটারে পাবেন ফ্রেঞ্চ রোস্টেড চিকেন, জাফরান রাইস, হার্ব রোস্টেড ভেজিটেবল, জন ডোরি পারমেসান। দাম ৮৯৫ টাকা। ‘রহমত’ প্ল্যাটারে মিলবে বিফ লাসানিয়া, কিং ফিশ সাসলিক, চিকেন পারমেসান, হার্ব রোস্টেড ভেজিটেবল, জাফরান রাইস, ক্রিম ক্যারামেল। দাম ৯৯৫ টাকা। ‘হামেঘ’ প্ল্যাটারে মিলবে বোনলেস বার্বিকিউ চিকেন, গ্রিলড জাম্বো প্রন, মিনি স্টেক উইথ মাশরুম সস, লায়োনাইজ পটেটো, রোস্টেড ভেজিটেবল, ক্রিম ক্যারামেল। দাম এক হাজার ১৯৫ টাকা। ‘বাউন্টি’ প্ল্যাটারে মিলবে গ্রিলড লবস্টার, গ্রিলড ক্যালামারি, ফিশ উইথ সালসা সস, চিকেন সসেজ, ফ্রেঞ্চ রোস্টেড চিকেন, জাফরান রাইস, ভেজিটেবল সতে, ক্রিম ক্যারামেল। দাম এক হাজার ৭২৫ টাকা।
এ ছাড়া সব প্ল্যাটারের সঙ্গেই থাকবে আলাদা প্লেটে খেজুর, হালিম, সবজি পাকোড়া, চিকেন কাটলেট/ফিশ কাটলেট, ডিমের চপ, জিলাপি, পেঁয়াজু, সাশলিক, ভেজিটেবল রোল, ছোলা ইত্যাদি ইফতার আইটেম। এ ছাড়া আপনি ইফতারের পাশাপাশি ডিনারও করতে পারবেন। এর জন্য আপনাকে গুনতে হবে জনপ্রতি ৬৩৫ টাকা। ইফতারের সঙ্গে ডিনার বক্স অর্ডার করতে চাইলে খরচ পড়বে ৩৮৫ টাকা। ইফতার ও ডিনারের এই প্যাকেজের জন্য রয়েছে দুটি ভিন্ন সেট মেন্যু।

ফিচার ডেস্ক