মিন্ট চকলেট স্ক্রাব!
নরম, মসৃণ ও উজ্জ্বল ত্বকের জন্য স্ক্রাবিং করা খুবই জরুরি। এ ক্ষেত্রে মিন্ট চকলেট স্ক্রাব বেশ কার্যকর। কীভাবে এই স্ক্রাব তৈরি করবেন এবং কীভাবে ব্যবহার করবেন, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে চোখ বুলিয়ে নিন।
যা যা লাগবে
আধা কাপ সাদা চিনি, আধা কাপ বাদামি চিনি, এক টেবিল চামচ মিন্ট এসেনশিয়াল অয়েল, কোকো পাউডার দুই টেবিল চামচ ও আধা কাপ আমন্ড অথবা অলিভ অয়েল। চিনি আপনার ত্বকের শুষ্ক-মরা কোষ দূর করবে, তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখবে আর কোকো পাউডার ত্বক উজ্জ্বল করবে। এটা সব ধরনের ত্বকের জন্যই কার্যকর, বিশেষ করে শুষ্ক ত্বক। তবে গর্ভবতী নারীরা এই প্যাকে এসেনশিয়াল অয়েল ব্যবহার করবেন না।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে সাদা চিনি, বাদামি চিনি ও কোকো পাউডার একসঙ্গে মিশিয়ে নিন। এবার এর মধ্যে মিন্ট এসেনশিয়াল অয়েল, অলিভ অয়েল অথবা আমন্ড অয়েল মেশান। এবার এই প্যাক হাতে নিয়ে মুখ ও সারা শরীরে হালকাভাবে কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। ১০ মিনিট এভাবে অপেক্ষা করুন। এর পর গোসল করে ফেলুন।
পরামর্শ
১. স্ক্রাবটি ব্যবহার করার ঠিক আগমুহূর্তেই তৈরি করুন। এতে চিনির দানা আস্ত থাকবে।
২. রাতে ঘুমাতে যাওয়ার আগে স্ক্রাবিং করা ভালো। এতে সারা দিনের ময়লা-ধুলাবালি দূর হবে।
৩. স্ক্রাবিংয়ের পর পুরো মুখে এক টুকরা বরফ ঘষে নিন। এতে স্ক্রাবিংয়ের কারণে খুলে যাওয়া লোমকূপের মুখ আবার বন্ধ হয়ে যাবে।
৪. স্ক্রাবিংয়ের পর বেশি করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
৫. সপ্তাহে এক থেকে দুবার ত্বকে স্ক্রাবিং করতে পারেন।

ফিচার ডেস্ক