মস্কোর রেড কার্পেটে কাতান শাড়িতে নজর কাড়লেন ভাবনা
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৪৮তম আসরে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তবে কেবল তার উপস্থিতিই নয়, রেড কার্পেটে তার পরনের পোশাক এবং আভিজাত্য ঘেরা লুক এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু।
গতানুগতিক পশ্চিমা পোশাক বা আধুনিক গাউন এড়িয়ে ভাবনা বেছে নিয়েছিলেন বাংলার চিরায়ত ঐতিহ্যের প্রতীক নীল রঙের বেনারসি কাতান শাড়ি। সাথে ছিল ভারী গয়না এবং নিখুঁত মেকআপ, যা তাকে রেড কার্পেটে এক অনন্য ও রাজকীয় রূপ দান করেছে। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি ও পোশাককে তুলে ধরার এই প্রয়াস উপস্থিত সবার নজর কেড়েছে।
মস্কোর ঐতিহাসিক থিয়েটারগুলোতে আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ভাবনা তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি শেয়ার করেছেন ।
রেড কার্পেটে ভাবনার এই 'দেশি লুক' দেখে মুগ্ধ অনুরাগীরা। ভক্তদের মতে, আন্তর্জাতিক মঞ্চে কেবল নিজেকে নয়, বরং বাংলাদেশের ঐতিহ্যবাহী বুনন শিল্পকে প্রমোট করে তিনি প্রকৃত অর্থেই একজন সচেতন শিল্পীর পরিচয় দিয়েছেন।

বিনোদন ডেস্ক