পবিত্র ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা
পবিত্র ওমরাহ হজ পালন করলেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। জীবনের পরম এই সৌভাগ্য অর্জনের উদ্দেশ্যে সম্প্রতি পরিবারসহ সৌদি আরবে পাড়ি জমিয়েছেন তিনি। মক্কা শরিফের আঙিনায় দাঁড়িয়ে প্রথমবার পবিত্র কাবা দেখার সেই আবেগঘন মুহূর্ত এবং অন্তহীন শান্তির অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা। জীবনের বিশেষ এই অধ্যায়ের সূচনা লগ্নে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এবারের এই বিশেষ সফরে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার বাবা, মা ও ছোট বোন। গতকাল ২৬ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র মক্কা শরিফ থেকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করে অভিনেত্রী নিজেই ভক্তদের এই খবরটি জানিয়েছেন।
মক্কা শরিফ থেকে ছবি শেয়ার করে ভাবনা লিখেছেন, ‘প্রথমবার যখন পবিত্র কাবার দিকে তাকালাম, আমার মুখ থেকে যেন সব শব্দ হারিয়ে গেল। কোনো ভাষা বা শব্দ দিয়ে সেই মুহূর্তের গভীর আবেগ, মনের ভেতরের উপচেপড়া পরম শান্তি আর অন্তরের কৃতজ্ঞতাকে প্রকাশ করা সম্ভব নয়।’ জীবনের এই পরম সৌভাগ্যের জন্য সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক।’ ভাবনার এই পোস্টটি প্রকাশের পর থেকেই তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার পরিবারের জন্য দোয়া করছেন।
ছোটপর্দার মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু হয়েছিল আশনা হাবিব ভাবনার। এরপর ২০১৭ সালে নির্মাতা অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। সিনেমাটিতে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘নয়নতারা’ চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের দারুণ প্রশংসা কুড়ান তিনি।
পরবর্তীতে ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘দামপাড়া’র মতো ভিন্নধর্মী ও প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে একজন জাত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ভাবনা। অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ নৃত্যশিল্পী, চিত্রশিল্পী এবং লেখক হিসেবেও সংস্কৃতি অঙ্গনে তার বেশ পরিচিতি রয়েছে।

বিনোদন ডেস্ক