কেউ আপনাকে পছন্দ করলেই এই ৫ কাজ অবশ্যই করবেন
কারও প্রতি ভালো লাগা তৈরি হলে স্বাভাবিক আচরণেও যেন একটু পরিবর্তন আসে। কখনো তার অনলাইনে আসার সময় খেয়াল করা, কথার মাঝখানে বলা ছোটখাটো বিষয় মনে রাখা কিংবা একই ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে বারবার ঢুঁ মারা; এসব অনেক সময় অজান্তেই করতে থাকেন মানুষ।
মজার বিষয় হলো, এসব কাজ খুব গোপনে করার চেষ্টা করলেও বেশিরভাগ সময় তা একেবারে গোপন থাকে না। কারও প্রতি মনের টান তৈরি হলে মানুষ সাধারণত যে পাঁচটি কাজ করেন, চলুন জেনে নেওয়া যাক।
আপনার আশপাশে থাকার অজুহাত খোঁজেন
যার প্রতি ভালো লাগা তৈরি হয়েছে, তার কাছাকাছি থাকার জন্য সাধারণ ঘটনাও তখন সুযোগ মনে হতে পারে। হয়তো হঠাৎ একই দলে বসে দুপুরের খাবার খাওয়া, তার পাশ দিয়ে যাওয়ার জন্য একটু ঘুরে আসা কিংবা এমন কোনো জায়গায় হাজির হওয়া, যেখানে জানেন সেই মানুষটিও থাকবেন। সবকিছুর পেছনেই অবশ্য একটা ‘স্বাভাবিক’ কারণ থাকে। কখনো এমনও হয়, যে বিষয়টি নিজেই সহজে জেনে নেওয়া সম্ভব, সেটি নিয়েও অকারণে তার কাছে গিয়ে প্রশ্ন করা হয়। আসল উদ্দেশ্য কিন্তু একটু কথা বলা বা কাছে থাকা।
আপনার বলা ছোটখাটো বিষয়ও মনে রাখেন
আপনি হয়তো কথার ফাঁকে বলেছিলেন, আপনার একটি বিশেষ খাবার পছন্দ। কিংবা জানিয়েছিলেন, সামনে আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজ বা উপস্থাপনা আছে। কিছুদিন পর আপনি নিজেই হয়তো এসব কথা ভুলে যাবেন। কিন্তু যার আপনার প্রতি ভালো লাগা তৈরি হয়েছে, তার মনে ঠিকই থেকে যেতে পারে। কয়েক সপ্তাহ আগের কোনো কথাও সে হঠাৎ মনে করিয়ে দিতে পারে, জানতে চাইতে পারে সেই কাজটি কেমন হলো কিংবা আপনার বলা কোনো ছোট গল্পের প্রসঙ্গ আবার তুলতে পারে। বিষয়গুলো এত নির্দিষ্ট মনে হওয়ার কারণ একটাই; সে আসলে আপনার কথা মন দিয়ে শুনেছিল।
আপনার সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখেন
‘এমনিই দেখছিলাম’—এই অজুহাতটা তখন খুব একটা বিশ্বাসযোগ্য নাও হতে পারে। আপনার পোস্ট, স্টোরি এমনকি পুরোনো ছবিতেও চোখ পড়তে পারে তার। আপনি কবে প্রোফাইল ছবি বদলেছেন, কয়েক দিন আগে কী পোস্ট করেছিলেন; এসবও খেয়াল রাখতে পারেন। এমনকি আপনার বন্ধুদের সম্পর্কেও অনেক কিছু জেনে যেতে পারেন, যদিও তাদের সঙ্গে কখনো দেখা হয়নি। আর সবসময় যে আপনার পোস্টে প্রতিক্রিয়া জানাবেন, এমনটাও নয়। কখনো কোনো কিছুতে মন্তব্য বা প্রতিক্রিয়া না জানিয়েও শুধু আপনার প্রোফাইল ঘুরে দেখাটাই তার কাছে যথেষ্ট হতে পারে।
ছোট্ট কথোপকথন নিয়েও বেশি ভাবেন
আপনি হয়তো শুধু দুই শব্দের একটি উত্তর দিয়েছেন। কিন্তু সেই উত্তর নিয়েই শুরু হতে পারে নানা চিন্তা। ‘ঠিক আছে’, এটা কি অন্য কোনো অর্থ বহন করছে? আজ ইমোজি দিল না কেন? সাধারণত ২০ মিনিট পর উত্তর দেয়, আজ তিন মিনিটেই দিল কেন? হাসিটা কি অন্য দিনের চেয়ে আলাদা ছিল? কারও প্রতি ভালো লাগা থাকলে সাধারণ একটি কথোপকথনও পরে বারবার মনে পড়তে পারে। তখন ভাবনা আসে; বেশি আগ্রহ দেখিয়ে ফেললাম কি না, কম আগ্রহ দেখালাম কি না, কিংবা নিজের মনের কথা ভুল করে প্রকাশ করে ফেললাম কি না।
কথা হয়তো মাত্র পাঁচ মিনিটের। কিন্তু সেই কথোপকথন নিয়ে ভাবনা চলতে পারে পুরো সন্ধ্যাজুড়ে।
আপনি অন্য কাউকে পছন্দ করেন কি না, তা জানার চেষ্টা করেন
এটিও সাধারণত খুব স্বাভাবিক কৌতূহল হিসেবে প্রকাশ পায়। আপনার প্রেম বা সম্পর্কের অবস্থা জানতে চাইতে পারেন। কথার মাঝে হঠাৎ সম্পর্কের প্রসঙ্গ তুলতে পারেন। এমনকি অন্য কারও নাম নিয়ে আপনার প্রতিক্রিয়াও বোঝার চেষ্টা করতে পারেন। কখনো সরাসরি আপনাকে না জিজ্ঞেস করে পরিচিত বা কাছের বন্ধুদের কাছ থেকেও তথ্য নেওয়ার চেষ্টা করেন। কারণ তিনি জানতে চান, আপনার জীবনে অন্য কেউ আছেন কি না। আরও বড় কথা, তিনি নিজে আপনার কাছে সুযোগ পাবেন কি না; সেটাও জানতে চান। তবে সরাসরি ‘আমি জানতে চাই, তোমার জীবনে আমার কোনো সুযোগ আছে কি না’; এ কথা বলা যতটা কঠিন, তার চেয়ে অনেক সহজ সেটিকে সাধারণ কৌতূহল হিসেবে প্রকাশ করা।

ফিচার ডেস্ক