প্রাক্তনকে বারবার মনে পড়ছে? নিজেকে সামলে নিন এই ৬ উপায়ে
সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রাক্তন সঙ্গীকে বারবার মনে পড়া খুবই স্বাভাবিক। একসঙ্গে কাটানো সময়, পুরোনো স্মৃতি, কোথায় ভুল হয়েছিল—এসব ভাবনা বিচ্ছেদের পর অনেকের মনেই ঘুরপাক খায়। কেউ কেউ আবার প্রাক্তনের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় উঁকি দিতে থাকেন। ফলে ভুলে যাওয়ার বদলে সেই মানুষটিকে আরও বেশি মনে পড়ে।
তবে বিচ্ছেদের পর নিজেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। এজন্য কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।
প্রাক্তনকে মনে পড়া স্বাভাবিক
কোনো সম্পর্কে যখন সময়, আবেগ ও ভালোবাসা বিনিয়োগ করা হয়, তখন সেটি শেষ হয়ে গেলে মন খারাপ হওয়াই স্বাভাবিক। তাই নিজের অনুভূতিকে জোর করে চাপা দেওয়ার দরকার নেই। প্রাক্তনকে মনে পড়ছে মানেই আপনি এগিয়ে যেতে পারছেন না—বিষয়টি এমন নয়। সময়ের সঙ্গে এই অনুভূতি ধীরে ধীরে কমে আসবে।
কাউকে কিছু প্রমাণ করতে যাবেন না
বিচ্ছেদের পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভালো থাকার ছবি, ঘোরাঘুরি কিংবা নতুন জীবনের নানা মুহূর্ত পোস্ট করেন। কখনো কখনো এর পেছনে থাকে প্রাক্তনকে দেখানোর ইচ্ছা—‘তোমাকে ছাড়া আমি ভালো আছি।’
কিন্তু এতে উল্টো সমস্যা বাড়তে পারে। কারণ পোস্ট দেওয়ার পর প্রাক্তন সেটি দেখেছে কি না, পছন্দ করেছে কি না—এসব নিয়ে আবার চিন্তা শুরু হয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবন দেখানোর চেয়ে নিজের জন্য ভালো থাকার চেষ্টা করুন।
নিজেকে নতুন কাজে ব্যস্ত রাখুন
বিচ্ছেদের পর একা থাকতে ইচ্ছা করতেই পারে। কিন্তু দীর্ঘ সময় নিজেকে গুটিয়ে রাখলে পুরোনো চিন্তা আরও বেশি মাথায় আসতে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটান, নতুন জায়গায় ঘুরতে যান কিংবা নিজের পছন্দের কোনো কাজে যুক্ত হন।
নতুন কোনো দক্ষতা শেখা, বই পড়া, শরীরচর্চা কিংবা নিজের কোনো শখ নিয়ে সময় কাটানোও কাজে আসতে পারে। চাইলে একাই কোথাও ঘুরতে যেতে পারেন। এতে নিজের প্রতি আত্মবিশ্বাসও বাড়বে।
কেন সম্পর্কটি শেষ হয়েছিল, মনে করুন
প্রাক্তনকে খুব মনে পড়লে অনেকেরই মনে হয়, বিচ্ছেদের সিদ্ধান্তটি হয়তো ভুল ছিল। এমন পরিস্থিতিতে আবেগের বদলে বাস্তবতার দিকে তাকানো জরুরি। সম্পর্কটি কেন শেষ হয়েছিল, সেই কারণগুলো মনে করুন।
বেশির ভাগ সম্পর্ক একদিনে ভেঙে যায় না। দীর্ঘদিনের সমস্যা, মতের অমিল কিংবা এমন কিছু বিষয় থাকে, যা ধীরে ধীরে সম্পর্ককে দুর্বল করে। তাই শুধু ভালো স্মৃতিগুলো নয়, বিচ্ছেদের কারণগুলোও মনে রাখা প্রয়োজন।
মানুষটিকে, নাকি সম্পর্কের অনুভূতিকে মিস করছেন?
নিজেকে একটি প্রশ্ন করুন—আপনি কি সত্যিই প্রাক্তন মানুষটিকে মিস করছেন, নাকি তার সঙ্গে থাকার অভ্যাসটাকে?
অনেক সময় প্রাক্তনকে নয়, বরং তার সঙ্গে কথা বলা, পাশে কাউকে পাওয়া কিংবা সম্পর্কের নিরাপত্তার অনুভূতিটাকেই মানুষ বেশি মিস করে। বিষয়টি বুঝতে নিজেকে কিছুটা সময় দিন।
কিছুদিন যোগাযোগ বন্ধ রাখুন
বিচ্ছেদের পরপরই প্রাক্তনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা অনেক সময় এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। বারবার কথা বলা, দেখা করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে তার কর্মকাণ্ড অনুসরণ করলে পুরোনো অনুভূতি আবার জেগে উঠতে পারে।
তাই প্রয়োজন হলে কিছুদিন দূরত্ব বজায় রাখুন। দুজনই যখন নিজেদের জীবনে স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারবেন, তখন বন্ধুত্বের বিষয়টি নতুন করে ভাবা যেতে পারে।

বিনোদন ডেস্ক