অল্প পরিশ্রমে বাড়তি আয়ের ৭ উপায়
শুধু চাকরি বা ব্যবসার আয়ের ওপর নির্ভর না করে বাড়তি আয়ের পথ খুঁজছেন? নিজের দক্ষতা, সময় কিংবা থাকা সম্পদ কাজে লাগিয়েও অতিরিক্ত টাকা আয় করা সম্ভব। শুরু করতে পারেন এমন কয়েকটি সহজ উপায় রয়েছে।
ব্লগ বা কনটেন্ট তৈরি করুন
লেখালেখি বা ভিডিও বানাতে ভালো লাগলে ব্লগ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি শুরু করতে পারেন। নিজের পছন্দের কোনো বিষয় বেছে নিয়ে নিয়মিত লেখা বা ভিডিও প্রকাশ করুন। সময়ের সঙ্গে অনুসারী বাড়লে বিজ্ঞাপন, স্পনসরশিপসহ বিভিন্নভাবে আয় করার সুযোগ তৈরি হতে পারে।
টাকা বিনিয়োগ করুন
জমানো টাকা শুধু ব্যাংকে রেখে না দিয়ে বিভিন্ন বিনিয়োগের সুযোগ সম্পর্কে জানতে পারেন। শেয়ার, মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো বিনিয়োগের পথ বেছে নেওয়ার আগে অবশ্যই ঝুঁকি সম্পর্কে ভালোভাবে জেনে নিন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
জমি বা ফ্ল্যাটে বিনিয়োগ
সামর্থ্য থাকলে জমি বা ফ্ল্যাটেও বিনিয়োগ করতে পারেন। সম্পত্তি ভাড়া দিয়ে নিয়মিত আয় করা সম্ভব। আবার উপযুক্ত সময়ে বিক্রি করে লাভও হতে পারে। তবে এ ধরনের বিনিয়োগে বড় অঙ্কের টাকা লাগে এবং লাভ পেতে সময় লাগতে পারে।
নিজের গাড়ি থেকেও আয়
আপনার ব্যক্তিগত গাড়ি থাকলে সেটি বিজ্ঞাপনের কাজে ব্যবহার করে বাড়তি আয় করা যেতে পারে। এ ধরনের কাজের জন্য বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে শর্ত ও পারিশ্রমিক জেনে নিতে পারেন।
ছোট ব্যবসা শুরু করুন
আপনি যে কাজে ভালো, সেটিকে আয়ের উৎস বানাতে পারেন। লেখালেখিতে দক্ষ হলে ফ্রিল্যান্স কাজ করতে পারেন। রান্না, ছবি আঁকা, গয়না, মোমবাতি বা ঘরে তৈরি বিভিন্ন পণ্য বানাতে পারলে সেগুলো অনলাইনে বিক্রি করতে পারেন।
একসঙ্গে গাড়িতে যাতায়াত করুন
প্রতিদিন গাড়ি নিয়ে অফিসে গেলে একই পথে যাতায়াত করা অন্যদের সঙ্গে গাড়ি ভাগাভাগি করতে পারেন। এতে নিজের যাতায়াতের খরচ কমবে, পাশাপাশি অন্যদের কাছ থেকেও নির্দিষ্ট পরিমাণ অর্থ নেওয়া যেতে পারে।
নিজের অভিজ্ঞতা কাজে লাগান
কোনো বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকলে সেটি কাজে লাগিয়েও আয় করতে পারেন। শিক্ষার্থীদের পড়ানো, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া কিংবা নিজের দক্ষতা নিয়ে অনলাইন কোর্স তৈরি করা যেতে পারে। এতে মূল কাজের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে।

ফিচার ডেস্ক