বর্ণবৈষম্য নিয়ে সেরেনার গুরুতর অভিযোগ
যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা উইলিয়ামস সম্প্রতি চোটের কারণে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ান। এবার তিনি আনলেন গুরুতর অভিযোগ। কৃষ্ণাঙ্গ খেলোয়াড় বলেই নাকি, তিনি যোগ্য সম্মান পাননি।
ভোগ ম্যাগাজিনের ব্রিটিশ সংস্করণে দেওয়া এক সাক্ষাৎকারে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা জানান ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন খুব যুগোপযোগী একটি আন্দোলন।
এ ব্যাপারে সেরেনা বলেন, ‘বর্ণবিদ্বেষ ও বৈষম্যমূলক ঘটনা সবার সামনে আনার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে প্রযুক্তি। অনেক কিছুই এখন সামনে আসছে যা আগে লুকিয়ে রাখা হয়েছিল। এত দিন মানুষ তা সহ্য করে এসেছে। এর আগে কেউ ফোন বের করে ভিডিও করেনি। আমি বরাবর এর বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি।’
যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা আরো বলেন, ‘ভেনাস ও আমি সব সময়ই কোর্টে বর্ণবিদ্বেষী কোনো ঘটনার মুখোমুখি হলে প্রতিবাদ করেছি।’
গত ১৪ বছর সেরেনা ক্যালিফোর্নিয়ায় একটি টুর্নামেন্টেও খেলেননি। কারণ ২০০১ সালে তাঁর বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছিল। ঘটনার জেরে লকার রুমে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ওপেনে কোর্টে র্যাকেট ভাঙার পর তাঁর পয়েন্টও কাটা হয়েছিল। উঠেছিল দ্বিচারিতার অভিযোগ। অবশ্য তাঁকে সমর্থন দিয়েছিলেন বিলি জিন কিং।

স্পোর্টস ডেস্ক