মেসি একটা টেডি বিয়ার, বলছেন ম্যারাডোনা
পুতুল নিয়ে খেলার বয়স পেরিয়ে গেলেও নরম-তুলতুলে টেডি বিয়ারগুলো দেখলে যে কারোরই ইচ্ছা হয় একটু কোলে তুলে নিতে। এ সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির চারিত্রিক বৈশিষ্ট্যটাও নাকি ঠিক তেমনই। এ কথা বলছেন মেসির পূর্বসূরি ও সাবেক কোচ ডিয়েগো ম্যারাডোনা। আন্তর্জাতিক ফুটবলে মেসির চার ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমন মন্তব্যই করেছেন আর্জেন্টিনার এই ফুটবল কিংবদন্তি।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়কে অপমান করার অভিযোগে মেসিকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা। এই শাস্তি মাথায় নিয়ে একটি ম্যাচে মাঠের বাইরেও থাকতে হয়েছে আর্জেন্টাইন এই তারকাকে। তবে হঠাৎ করেই মেসির এই শাস্তি কমিয়ে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ফলে আরো তিনটি ম্যাচ আর দর্শক হয়ে থাকতে হবে না আর্জেন্টিনার অধিনায়ককে। ফিফার এই সিদ্ধান্তে বেশ অবাকই হয়েছেন ম্যারাডোনা। তারকা খেলোয়াড় বলেই মেসিকে এই শাস্তি থেকে রেহাই দেওয়া হয়েছে বলে মনে করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক, ‘এর কোনো অর্থই হয় না। মেসির অন্তত আরো একটি ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়া উচিত ছিল। আর আমি এটা আমার প্রাণটা হাতে নিয়ে বলছি। তারা (ফিফা) এটা সব সময়ই করে তারকা খেলোয়াড় বা অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে।’
তবে মেসিকে যে কারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সে ব্যাপারে একমত হতে পারেননি ম্যারাডোনা। কাউকে অপমান করার মতো মানুষ মেসি নয়—এমনটাই মনে করেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার, ‘মেসি কাউকে অপমান করার মতো মানুষ নয়। আমি তাকে এক বছর কোচিং করিয়েছি। আর সে যতটা না ফুটবল খেলোয়াড়, তার চেয়েও বেশি একটা টেডি বিয়ারের মতো।’ বোঝাই যায় যে, মেসির শান্ত-কোমল স্বভাবের দিকে ইঙ্গিত করেই কথাটা বলেছেন ম্যারাডোনা।
শেষপর্যন্ত মেসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় একজন আর্জেন্টাইন হিসেবে অবশ্য খুশিই হয়েছেন ম্যারাডোনা। কারণ, মেসিকে ছাড়া বিশ্বকাপ বাছাইপর্বের বাধা পেরোনো বেশ কঠিনই হয়ে যেত আর্জেন্টিনার জন্য, ‘যাদের কারণে মেসির এই নিষেধাজ্ঞার মেয়াদ কমেছে, তাদের ধন্যবাদ দিতেই হবে। আমি এ সিদ্ধান্তে খুশি। কারণ, মেসি আর আমি—দুজনেই আর্জেন্টাইন। আমরা এখন আবার বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে পারি।’
লাতিন আমেরিকার বাছাইপর্বে ১০টি দল থেকে সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে চারটি দল। পঞ্চম দলকে খেলতে হবে প্লে-অফ ম্যাচ। এ মুহূর্তে আর্জেন্টিনাও আছে পঞ্চম স্থানে। বাকি চারটি ম্যাচের প্রায় সবকটিই জিততে হবে আর্জেন্টিনাকে।

স্পোর্টস ডেস্ক