চ্যাম্পিয়নস ট্রফির পরেই ভারতের উইন্ডিজ সফর
বেশ ব্যস্ত সময়ই কাটাতে হচ্ছে ভারতের ক্রিকেটারদের। গত এক মাসই তাঁরা ব্যস্ত আছেন ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা আইপিএল নিয়ে। এটা শেষ হওয়ার পরপরই ইংল্যান্ডে যেতে হবে চ্যাম্পিয়নস ট্রফি খেলার জন্য। আইসিসির অন্যতম জনপ্রিয় এই প্রতিযোগিতা শেষ করার পরও খুব বেশিদিন ছুটি মিলবে না কোহলি-ধোনিদের। আবার উড়াল দিতে হবে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে।
চ্যাম্পিয়নস ট্রফির পরপরই ওয়েস্ট ইন্ডিজ সফরের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী জুনে এই ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ভারত খেলবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি।
চ্যাম্পিয়নস ট্রফি শেষ হবে আগামী ১৮ জুন। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ জুন থেকে। জুলাই মাসের ৯ তারিখে তারা খেলবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।
ওয়েস্ট ইন্ডিজ অংশ নিতে পারেনি এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে। ফলে চ্যাম্পিয়নস ট্রফির সময়টাতে তারা তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি
২৩ জুন : প্রথম ওয়ানডে
২৫ জুন : দ্বিতীয় ওয়ানডে
৩০ জুন : তৃতীয় ওয়ানডে
২ জুলাই : চতুর্থ ওয়ানডে
৬ জুলাই: পঞ্চম ওয়ানডে
৯ জুলাই : একমাত্র টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক