দারুণ সাফল্যের পর দুঃসংবাদ মাশরাফিদের!
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নাটকীয় এক জয় পেয়ে মাশরাফিরা কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। অবশ্য দারুণ এই জয়ের পরই একটি দুঃসংবাদ শুনতে হয়েছে তাদের। স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে রংপুরকে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, গতকাল মঙ্গলবার রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচ নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার বেশি বল করেছে রংপুর। যে কারণে ম্যাচ রেফারি সামিউর রহমান রংপুরের খেলোয়াড়দের জরিমানা করেছেন।
ধারা অনুযায়ী, রংপুরের খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ এবং অধিনায়ক মাশরাফিকে জরিমানা করা হয় ৪০ শতাংশ। দোষ স্বীকার করে নেওয়ায় এ বিষয়ে শুনানির প্রয়োজন হয়নি।
ঢাকার বিপক্ষে এ ম্যাচে রংপুর মাত্র তিন রানে জয় তুলে নেয়। এই জয়ের সুবাদে ছয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে আসে মাশরাফির দল। সমান ম্যাচ থেকে শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ানসের সংগ্রহ ১০ পয়েন্ট।

ক্রীড়া প্রতিবেদক