সিলেট টেস্ট
সাদমান-জয়ের হাফ সেঞ্চুরি, শতরান পেরিয়ে লাঞ্চে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন দূর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে আইরিশদের ২৮৬ রানে আটকে দিয়ে টাইগাররা রান তুলছে দ্রুতগতিতে। ২১ তম ওভারেই শতরান পার করেছে বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি।
লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ২৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯ রান। ৫০ রানে অপরাজিত আছেন জয় ও ৫৮ রানে সাদমান।
৪৯ বলে ৭ চার ও ১ টি ছক্কায় হাফসেঞ্চুরি করেছেন সাদমান। এই বাঁহাতি ওপেনার ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। আর ৭২ বলে ৭ চার ও ১ ছক্কায় পঞ্চাশ ছুঁয়েছেন জয়। এটি তার ক্যারিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি।
আরও পড়ুন : প্রথম ইনিংসে আইরিশদের ২৮৬ রানে থামিয়ে দিল বাংলাদেশ
এর আগে গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেটে প্রথম টেস্টের প্রথম দিনে ৯০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান তোলে আয়ারল্যান্ড। আজ বুধবার সকালে দ্বিতীয় দিনের প্রথম সেশনে নেমে মাত্র ১৪ বল টিকতে পেরেছে আয়ারল্যান্ড। ৯২.২ ওভারে ২৮৬ রানেই শেষ হয় আইরিশদের প্রথম ইনিংস।
গতকাল দিনের শেষ বলে উইকেট পেয়েছিলেন তাইজুল। আজ নিজের দ্বিতীয় বলেই আউট করেছেন ম্যাথু হামফ্রেসকে। আইরিশদের শেষ ব্যাটসম্যান ম্যাকার্থি ৩১ রানে আউট হয়ে ফিরেছেন, তার উইকেটটি তুলে নিয়েছেন হাসান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া হাসান ও তাইজুল পেয়েছেন দুটি করে উইকেট।
আরও পড়ুন : শাকিব খানের ঢাকা ক্যাপিটালসে নাম লেখালেন তাসকিন ও সাইফ
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড (প্রথম ইনিংস) : ৯২.২ ওভারে ২৮৬ (বালবির্নি ০, স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, টেক্টর ১, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১, ম্যাকব্রাইন ৫, নেইল ৩০, ম্যাককার্থি ৩১, হামফ্রেস ০, ইয়ং ০*; হাসান মাহমুদ ১৩.২-৪-৪২-২, নাহিদ ১৪-০-৬৫-১, তাইজুল ২২-৬-৭২-২, হাসান মুরাদ ২০-৫-৪৭-২, মিরাজ ২৩-৬-৫০-৩)

স্পোর্টস ডেস্ক