অস্ট্রেলিয়ায় আলো ছড়াচ্ছেন রিশাদ হোসেন
বাংলাদেশে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আমেজ। সাধারণত নিজ দেশের খেলা চলাকালীন কোনো ক্রিকেট বোর্ড অন্য দেশের লিগে খেলতে যাওয়ার অনুমতি দেয় না। তবে, এবার ব্যতিক্রমী এক নজির সৃষ্টি করেছে বিসিবি। বিপিএলের জন্য আটকে না রেখে লেগস্পিনার রিশাদ হোসেনকে এনওসি দিয়েছে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ খেলতে।
গত আসরে কিনলেও সেবার বিপিএলের কারণে খেলতে যেতে পারেননি রিশাদ। এবার প্রথমবারের মতো বিগ ব্যাশ খেলছেন এই টাইগার স্পিনার। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বের অন্যতম এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন তিনি। গত আসরে না গেলেও এবারও কেনো তাকে দলে ভিড়িয়েছে হোবার্ট হারিকেন্স, ইতোমধ্যে সেটি প্রমাণ করেছেন রিশাদ।
বিগ ব্যাশে যোগ দিয়ে হোবার্ট হারিকেন্সের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছেন রিশাদ। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেছে হোবার্ট, সবগুলোতেই একাদশে ছিলেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। দলের জয়ে বল হাতে রেখেছেন গুরুত্বপূর্ণ।
হোবার্টের হয়ে ৮ ম্যাচে মাঠে নেমে ২০.৮১ গড়ে বল হাতে শিকার করেছেন ১১ উইকেট। যেখানে ওভার প্রতি রান দিয়েছেন মোটে ৭.১৯। সর্বোচ্চ এক ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। আছেন বিগ ব্যাশের সেরা দশ উইকেট শিকারির তালিকায় ৮ নম্বরে।
পরিসংখ্যান আছে আরও একটি। চলমান বিগ ব্যাশের সেরা দশ উইকেট শিকারী বোলারের মধ্যে মিতব্যয়ী বোলিংয়ে রিশাদের অবস্থান তৃতীয়। তার চেয়ে কম রান দিয়েছেন কেবল ম্যাথিউ সিডেল (৬.৮৮) আর জেমি ওভারটন (৭.১৯)।
অন্যদিকে, সেরা দশ উইকেট শিকারির তালিকায় রিশাদের বাইরে হোবার্টের মাত্র একজন বোলার আছেন। তিনি দলটির অধিনায়ক নাথান এলিস।
রিশাদের এমন পারফরম্যান্সের প্রশংসা ঝড়েছে হোবার্টের অধিনায়ক নাথান এলিসের কণ্ঠেও। তিনি বলেন, ‘এ বছর তারা (রিশাদ ও রোহান) আমাদের জন্য দুর্দান্ত পারফরম্যান্স করেছে। দুজনই বিশ্বমানের খেলোয়াড়। শেষের দিকে আমার রেহানকে হারাচ্ছি, তবে টুর্নামেন্টের জন্য রিশাদ আমাদের সঙ্গে আছে, যা ভালো খবর।’

স্পোর্টস ডেস্ক