বড় জয়ে শুরু হলো রোজেনিয়রের চেলসি অধ্যায়
নতুন কোচ লিয়াম রোজেনিয়রের হাত ধরে উড়ন্ত সূচনা করল চেলসি। এফএ কাপের তৃতীয় রাউন্ডে চার্লটন অ্যাথলেটিককে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শুভসূচনা করেছেন নতুন এই ব্লুজ বস। প্রায় ১০ বছর পর চেলসির কোনো কোচ নিজের অভিষেক ম্যাচেই জয়ের দেখা পেলেন। এর আগে সর্বশেষ ২০১৬ সালে আন্তোনিও কন্তে নিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিলেন।
শনিবার (১০ জানুয়ারি) দিনগত রাতে ‘দ্য ভ্যালি’ স্টেডিয়ামে প্রথমবার চেলসির ডাগআউটে দাঁড়ান রোজেনিয়র। তবে মাঠের ফুটবলের বাইরে গ্যালারির চিত্রও ছিল চোখে পড়ার মতো। চেলসি সমর্থকরা সাবেক মালিক রোমান আব্রামোভিচের নামে স্লোগান দিলেও বর্তমান সহ-মালিক বেহদাদ এঘবালিকে নিয়ে ছিলেন অনেকটাই নীরব। নতুন কোচের জন্য সমর্থকদের মন জয় করার চ্যালেঞ্জটা যে বেশ বড়, তা শুরুতেই স্পষ্ট হয়ে গেছে।
রোজেনিয়র তাঁর প্রথম ম্যাচে দ্বিতীয় সারির দল মাঠে নামান। তবে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন খেলোয়াড়রা। সাবেক কোচ এনজো মারেসকার অধীনে সাইড বেঞ্চে থাকা জোরেল হাতো, তসিন আদারাবিয়ো ও মার্ক গুইয়ি এদিন জালের দেখা পেয়েছেন। শেষ দিকে পেনাল্টি থেকে গোল করেন পেদ্রো নেতো ও এনজো ফের্নান্দেজ। স্বাগতিক চার্লটনের হয়ে একমাত্র গোলটি করেন মাইলস লিউবার্ন।
দারুণ এই জয়ের পর কোচ রোজেনিয়র বলেন, ‘শুরুটা বেশ ভালো হয়েছে, অনেক ইতিবাচক দিক আছে। দলের মানসিকতা নিয়ে আমি খুব খুশি। প্রথমার্ধেও আমরা ভালো খেলেছি। প্রতিপক্ষের মাঠে এসে ম্যাচ নিয়ন্ত্রণ করা সহজ ছিল না, কিন্তু আমাদের প্রেসিং দুর্দান্ত ছিল।’
চেলসির জন্য আসল পরীক্ষা অপেক্ষা করছে সামনেই। আগামী বুধবার কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের মুখোমুখি হবে রোজেনিয়রের শিষ্যরা। এরপর স্ট্যামফোর্ড ব্রিজে ব্রেন্টফোর্ডের বিপক্ষে নিজের প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচ ডাগআউটে দাঁড়াবেন রোজেনিয়র।

স্পোর্টস ডেস্ক