বিপিএলের মাঝপথে অধিনায়ক বদলালো রংপুর রাইডার্স
ভালো দল গড়েও চলতি মৌসুমে সেই রকম সফলতা পাচ্ছে না রংপুর রাইডার্স। ৮ ম্যাচে খেলে এখনো নিশ্চিত করতে পারেনি প্লে-অফ। সর্বশেষ তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে তারা। এরপর পরিবর্তন এলো দলটির নেতৃত্বে।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার অধিনায়ক পরিবর্তনের এই সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিপিএলের বাকি অংশের জন্য অধিনায়কত্ব করবেন লিটন দাস।
সোহানের অধিনায়কত্ব ছাড়ার কারণ জানিয়ে মিকি আর্থার বলেন, ‘দিন দুয়েক আগে সোহান আমার কাছে এসে বলেছে, সে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চায়। আমার মনে হয়েছে, সে নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতে চায়। তার মনে হয়েছে, এই ফ্র্যাঞ্চাইজির হয়ে পারফর্ম করার সেরা সুযোগটা সে নিজেকে দিতে চায়। এজন্য সে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’
লম্বা সময় ধরে রংপুর রাইডার্সের অধিনায়কের আর্মব্যান্ড পড়ে আছেন সোহান। তার নেতৃত্বেই গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হয়েছে উত্তরবঙ্গের দলটি। তবে চলতি বিপিএলে ফর্মহীনতায় ভুগছেন সোহান। ৬ ইনিংসে ৩৩ বল খেলে করেছেন মোটে ৩০ রান।
নতুন অধিনায়ক লিটন বলেন, ‘এই মুহূর্তে তো বিশ্বকাপের চিন্তা মাথায় নেই। যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি হয়ে খেলছি। সম্পূর্ণ নিবেদন এখানে আমার ফ্র্যাঞ্চাইজির জন্যই থাকবে। তারা যখন নিজেদের ইচ্ছেয় এই জিনিসটা চেয়েছে, ফ্র্যাঞ্চাইজি যখন এই জিনিসটা আপনার কাছে চায়, আমার দায়িত্ব এটা গ্রহণ করা। আমার মনে হয় আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’
চলতি বিপিএলে দেশীয় ক্রিকেটারদের মধ্যে লিটন এখন পর্যন্ত রংপুরের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। যদিও গড়টা সুখকর নয়, ৮ ম্যাচে ২০.২৫ গড় এবং ১৩৫ স্ট্রাইকরেটে ১৬২ রান করেছেন লিটন।

স্পোর্টস ডেস্ক