বিসিবি সভাপতি বুলবুল এখন কোথায় আছেন?
হঠাৎ করেই চারদিকে খবর রটে, দেশ ছেড়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর সবচেয়ে কঠিন সময় পার করছেন বুলবুল। নানা ইস্যুতে হাপিত্যেশ করতে থাকা বুলবুলের চেহারা থেকে যেন উবে গিয়েছিল চিরায়ত হাসি। ফলে, তার দেশ ছাড়ার গুঞ্জন হয়ে ওঠে জোরালো।
আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে অবশ্য অস্ট্রেলিয়ায় নয়, বিসিবিতেই দেখা গেল তাকে। পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়ায় নয়, আম্পায়ারদের একটি ওয়ার্কশপে মিরপুরে এসেছেন তিনি। দেখা গেল মাঠেও। যথারীতি কাজ করে চলেছেন বুলবুল।
দেশ ছাড়ার গুঞ্জন নিয়ে আজ দেশের একটি টেলিভিশনকে বুলবুল বলেন, ‘আমি সারাদিন আজকে (গতকাল) অফিসে কাজ করেছি এবং কালকেও (আজ) কাজ করব। এখন অনেক কাজের চাপ। পরিবারের কাছে তো যাওয়ার কথা। কিন্তু, সেটা এখন ছিল না কখনোই। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কী করি, না করি। এই মুহূর্তে তো আমি কোথাও যাচ্ছি না। অফিসে কাজ করছি। ক্রিকেট বোর্ডের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো করছি।’
মিথ্যা সংবাদ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমি জানি না কোত্থেকে এসব নিউজ আসে, ফলস নিউজ। ফলস নিউজ আমাদের সকলের ক্রেডিবিলিটি (সক্ষমতা) বা কার্যক্রমকে স্লো করে দেয়। আমি বলতে চাই, আসল কাজটা করি।’
বুলবুলের পরিবারের সবাই অস্ট্রেলিয়ায় থাকেন। পরিবার ছেড়ে তিনি বাংলাদেশে আছেন। বিসিবির সাম্প্রতিক নানা কাণ্ড, বিশ্বকাপে বাংলাদেশের খেলতে না পারা—সবমিলিয়ে ব্যর্থতার ভার সভাপতি হিসেবে বুলবুলের ওপর অনেকখানিই বর্তায়। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে তার দেশ চাড়ার গুঞ্জন চাউর হয়।

স্পোর্টস ডেস্ক