বিশ্বকাপ ইস্যুতে নতুন সিদ্ধান্ত পাকিস্তানের
বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান-- এমন গুঞ্জন চলছে বেশি কিছুদিন ধরে। স্বয়ং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি নিজেও আভাস দিয়েছিলেন এমন কিছুর। আগামী সোমবার চূড়ান্ত হতে পারে পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য।
ভিন্ন গুঞ্জনও আছে। ভারতীয় সাবেক ক্রিকেটাররা বলছেন বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান। তবে এসব গুঞ্জনের মাঝেই এবার নতুন খবর দিল পাকিস্তানের সংবাদমাধ্যম মিনিট মিরর। এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান বাতিল করেছে পাকিস্তান।
মিনিট মিরর জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টসের পর বিশ্বকাপের জন্য প্রস্তুত করা অফিসিয়াল কিট উন্মোচনের পরিকল্পনা ছিল পিসিবির। তবে পিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, অনিবার্য কারণে শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের পর জোর আলোচনা চলছে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কারণেই জার্সি উন্মোচন বাতিল করা হয়েছে।
এর আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, বিশ্বকাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে সরকার। এ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকও করেন পিসিবি চেয়ারম্যান নাকভি।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাকভি জানিয়েছিলেন, শুক্রবার (গতকাল) ও আগামী পরশু (সোমবার) বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান। গতকাল অবশ্য এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি তারা।
আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে পাকিস্তান। পাকিস্তান তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে।

স্পোর্টস ডেস্ক