ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের
আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের রাজনীতি আর যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে ফুটবল বিশ্বকে।
বিশেষ করে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর দেশটির বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই ইরানের অংশগ্রহণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল মার্কিন সংবাদমাধ্যম ‘পলিটিকো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমান পরিস্থিতিতে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে জানতে চাওয়া হয় ট্রাম্পের কাছে। জবাবে ট্রাম্প বলেন, ‘(যদি ইরান বিশ্বকাপে অংশ নেয়) আমি মোটেও পরোয়া করি না। আমার মতে ইরান খুব বাজেভাবে পরাজিত দেশ। তারা ধোঁয়ায় উড়ছে।’
বিশ্বকাপের আয়োজক দেশের প্রধানের এমন মন্তব্য ফুটবল বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। কারণ, ফিফার নিয়ম অনুযায়ী আয়োজক দেশ প্রতিটি অংশগ্রহণকারী দল ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য। ট্রাম্পের এই বক্তব্য ফিফার সেই নীতির পুরো উল্টো।
ট্রাম্পের এই মন্তব্যের পর ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ হোয়াইট হাউজের কাছে ব্যাখ্যা জানতে চায়। মার্কিন বিশ্বকাপ টাস্কফোর্সের পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি ট্রাম্পরক সমর্থন জানিয়ে বলেন, “পুরো বিশ্বের মানুষদের রক্ষা, বিশেষ করে আমেরিকান এবং যুক্তরাষ্ট্রে ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে আসার পরিকল্পনা করা মিলিয়ন মানুষের নিরাপত্তার জন্য যেকোনো অস্থিতিশীল হুমকি দূর করতে হবে।”
এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চেয়ে ইরানিয়ান ফুটবল ফেডারেশনকেও মেইল পাঠায় দ্য অ্যাথলেটিক। তবে এখনও জবাব মেলেনি। একইসঙ্গে ফিফার এক মুখপাত্রের সঙ্গেও যোগযোগ করে দ্য অ্যাথলেটিক। কিন্তু তিনি কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
এশিয়ান অঞ্চল থেকে দাপটের সাথে বিশ্বকাপ নিশ্চিত করেছিল ইরান। সূচি অনুযায়ী তাদের ম্যাচগুলো হওয়ার কথা লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। কিন্তু মার্কিন ভিসার কড়াকড়ি আর বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ আগেই শঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বর্তমান অবস্থায় বিশ্বকাপে অংশ নেওয়া তাঁদের প্রত্যাশার বাইরে চলে যাচ্ছে।
অন্যদিকে, এ বিষয়ে ফিফা আপাতত মুখে কুলুপ এঁটেছে ফিফা। হামলার আগে ফিফার জেনারেল সেক্রেটারি মাতিয়াস গ্রাফস্টর্ম সবার নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিলেও, ট্রাম্পের মন্তব্যের পর ফিফার কোনো মুখপাত্র নতুন করে মন্তব্য করতে রাজি হননি।

স্পোর্টস ডেস্ক