এবারও ব্রাজিলের স্কোয়াডে ডাক পেলেন না নেইমার
২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে খেলোয়াড়দের শেষবারের মতো ঝালিয়ে নিতে খুব বেশি সময় নেই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির হাতে। মার্চ মাসের প্রীতি ম্যাচগুলোর পরেই চূড়ান্ত দল ঘোষণা করার কথা।
এমন গুরুত্বপূর্ণ সময়ে জাতীয় দলের দরজা খুলবে বলে আশা করেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু ভক্তদের হতাশ করে নেইমারকে বাইরে রেখেই আসন্ন প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল।
সোমবার (১৬ মার্চ) রাতে ঘোষিত এই স্কোয়াড নিয়ে আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে সেলেসাওরা। এরপর ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলবে তারা।
প্রাথমিক তালিকায় থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি নেইমার। চোটের অস্বস্তির কারণে সম্প্রতি সান্তোসের হয়ে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। মূলত শতভাগ ফিট না হওয়ায় আনচেলত্তি তাঁকে স্কোয়াডে রাখেননি বলে ধারণা করা হচ্ছে।
তবে নেইমারকে না নিলেও রিয়াল মাদ্রিদ তারকা এন্ড্রিককে আবারও ডেকেছেন কোচ। সেই সঙ্গে দলে প্রথমবার সুযোগ পেয়েছেন লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, ইগর থিয়াগো ও রায়ান।
ইনজুরির কারণে দলে নেই বেশ কিছু পরিচিত মুখ। রদ্রিগো গোয়েস, এডার মিলিটাও, ব্রুনো গুইমারেস এবং এস্তেভাও চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন।
দল ঘোষণা নিয়ে আনচেলত্তি বলেন, ‘যারা পুরোপুরি ফিট, তাদের নিয়েই এই দল সাজানো হয়েছে। আমাদের সামনে খুব কঠিন দুটি ম্যাচ। ভ্রমণ ও খেলার তীব্রতা মাথায় রেখেই ফিট খেলোয়াড়দের ডাকা হয়েছে।’
সাবেক কোচ তিতের বিদায়ের পর এই প্রথম অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো ও ইবানেজকে সুযোগ দিয়েছেন আনচেলত্তি। নতুন ও পুরোনোদের সংমিশ্রণ নিয়ে তিনি বলেন, ‘আমরা জানতে চাই জাতীয় দলের পরিবেশে নতুনরা কীভাবে মানিয়ে নেয়। আমাদের তালিকায় থাকা প্রতিটি খেলোয়াড়কে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
ব্রাজিলের স্কোয়াড
গোলরক্ষক : অ্যালিসন, বেন্তো ও এডারসন
ডিফেন্ডার : অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিয়োস ও ওয়েসলি।
মিডফিল্ডার : অ্যান্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনিয়ো ও গ্যাব্রিয়েল সারা।
ফরোয়ার্ড : এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা, রাফিনহা, রায়ান ও ভিনিসিয়াস জুনিয়র।

স্পোর্টস ডেস্ক