বিশ্বকাপের আগে কার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা?
২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে শেষ মুহূর্তের সূচি ঘোষণা করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী জুনে শুরু হতে যাওয়া ফুটবল মহাযুদ্ধের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল। এর ফলে বিশ্বকাপের আগে কোনো ইউরোপীয় দেশের মুখোমুখি না হওয়ার যে শঙ্কা ছিল, তা কেটে গেল।
গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই দুই ম্যাচের সূচি নিশ্চিত করেছে। আগামী ১১ জুন বিশ্বকাপের পর্দা ওঠার আগে ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনার শেষ মুহূর্তের প্রস্তুতির দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ৬ জুন হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটি হবে টেক্সাসের ১ লাখ ২ হাজার দর্শক ধারণক্ষমতার ‘এজিস কাইল ফিল্ড’ মাঠে। এরপর ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। এই ম্যাচটি হবে আলাবামার ‘অবার্ন জর্ডান-হারে’ স্টেডিয়ামে।
কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আর্জেন্টিনা কোনো ইউরোপীয় দেশের মুখোমুখি হয়নি। স্পেনের বিপক্ষে ‘ফিনালিসিমা’ বাতিল হওয়ায় ধারণা করা হচ্ছিল, ইতিহাসে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলের সাথে না খেলেই বিশ্বকাপে নামবে স্কালোনির দল। তবে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটি চূড়ান্ত হওয়ায় সেই নজির আর হচ্ছে না।
সর্বশেষ প্রীতি ম্যাচে মৌরিতানিয়া ও জাম্বিয়ার মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলায় বেশ সমালোচনার মুখে পড়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। এমনকি সংবাদ সম্মেলনে ঢুকে এক ভক্ত তাঁকে শক্তিশালী দলের বিপক্ষে খেলার গুরুত্ব নিয়ে সতর্কও করে দেন। যদিও স্কালোনি সরাসরি সেই তর্কের জবাব দেননি, তবে তিনি জানিয়েছেন মে মাসেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো অস্ট্রিয়া ও জর্ডান। ২২ ও ২৭ জুন এই দুই দলের মুখোমুখি হবে মেসি-মার্টিনেজরা।

স্পোর্টস ডেস্ক