বদলে গেল ইরানের প্রস্তুতি ক্যাম্পের ভেন্যু
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে নিজেদের প্রস্তুতি ক্যাম্পের ভেন্যু পরিবর্তন করেছে ইরান ফুটবল দল। পূর্বপরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে ইরানের ফুটবলারদের অনুশীলন ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নেওয়া হয়েছে।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সবুজ সংকেত পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইরান। আজ শনিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ।
যদিও ফিফার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে ইরানের ফুটবলপ্রধান এক বিবৃতিতে দাবি করেছেন, ভেন্যু পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সব অনুমতি তারা পেয়ে গেছেন।
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিটি দলকেই ফিফা অনুমোদিত নির্দিষ্ট বেইস ক্যাম্পে থাকতে হয়।
ক্যাম্প পরিবর্তনের বিষয়ে মেহদি তাজ বলেন, ‘বিশ্বকাপের সব দলের বেইস ক্যাম্পের জন্য ফিফার অনুমোদনের প্রয়োজন হয়। আমাদের আবেদনের পর তুরস্কের ইস্তান্বুলে ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এরপর গতকাল তেহরানে ফিফার মহাসচিবের সঙ্গে আমাদের একটি বিশেষ ওয়েবিনার (অনলাইন) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সব আলোচনা শেষে আমাদের অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধটি ফিফা অনুমোদন করেছে।’
বিশ্বকাপ চলাকালীন দলগুলোর অনুশীলন এবং ম্যাচের প্রস্তুতি সারতে বেইস ক্যাম্প ব্যবহার করা হয়। এবারের আসরে ইরানি দলের জন্য যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ‘টুসন কিনো স্পোর্টস কমপ্লেক্স’ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বর্তমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং ফুটবলারদের নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া উদ্বেগের কারণে ইরানের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে একধরনের অনিশ্চয়তা দেখা দেয়।
এ ছাড়া বড় একটি কারণ ছিল রাজনৈতিক ও আইনি জটিলতা। চলতি মাসের শুরুর দিকে ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন, বিশ্বকাপ ঘনিয়ে আসলেও তাদের ফুটবলার ও কোচিং স্টাফরা এখনো যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। নতুন সিদ্ধান্তের ফলে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য ভিসা জটিলতারও একটি সহজ সমাধান হবে বলে মনে করছে ইরান ফুটবল ফেডারেশন।
ইরান ফুটবল ফেডারেশনের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিও বার্তায় মেহদি তাজ তাদের নতুন বেইস ক্যাম্পের অবস্থানও পরিষ্কার করেছেন। প্রশান্ত মহাসাগরের তীর ঘেঁষে এবং মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে অবস্থিত ‘টিহুয়ানা’ শহরটিই হতে যাচ্ছে ইরানের নতুন বিশ্বকাপ ঘাঁটি।
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে মাঠে গড়াবে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। এবারের আসরে ‘জি’ গ্রুপে খেলবে ইরান। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে এশিয়ান পরাশক্তিরা। একই ভেন্যুতে ২১ জুন তারা মুখোমুখি হবে শক্তিশালী বেলজিয়ামের। আর ২৬ জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিসরের মুখোমুখি হবে ইরান দল।

স্পোর্টস ডেস্ক