মাঠের বাইরেও হলান্ডের ক্রেজ, ভিন্ন দেশে রাখা হচ্ছে শত শত শিশুর নাম
বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্স দিয়ে আলোড়ন তুলেছেন আর্লিং হলান্ড। এবার মাঠের সেই সাফল্য ছড়িয়ে পড়েছে মানুষের ভালোবাসায়। নরওয়ের এই স্ট্রাইকারের জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শত শত অভিভাবক তাদের নবজাতক সন্তানের নাম রাখছেন হলান্ডের নামে।
পেরুর জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ (রেনিয়েক) জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৪৬৮ জন নবজাতকের নাম রাখা হয়েছে ‘হলান্ড’। এ ছাড়া আরও ৯১ জনের পুরো নাম নিবন্ধিত হয়েছে ‘আর্লিং হলান্ড’ হিসেবে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফুটবল তারকারা পেরুর মানুষের কাছে প্রায়ই অনুপ্রেরণার উৎস হয়ে ওঠেন। প্রিয় খেলোয়াড়দের প্রতি ভালোবাসা ও সম্মান জানাতে অনেক পরিবার তাদের সন্তানদের নামও সেই তারকাদের নামে রাখেন।
পেরুর জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষের মুখপাত্র ইভান তোরেস পানআমেরিকানা টেলিভিশনকে বলেন, ‘ফুটবলের বিভিন্ন তারকা পেরুর মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠেন। তাই অনেকেই তাদের সন্তানদের নাম এসব তারকার নামে নিবন্ধন করেন।’
বিশ্ব ফুটবলে হলান্ডের জনপ্রিয়তা যে কতটা বিস্তৃত, পেরুর এই ঘটনা তারই আরেকটি উদাহরণ। গোল ও পারফরম্যান্স দিয়ে ভক্তদের মুগ্ধ করার পর এবার মানুষের নামের সঙ্গেও যুক্ত হচ্ছে নরওয়ের এই তারকার নাম।

স্পোর্টস ডেস্ক