ইমেজ থেকে সিনেম্যাটিক ভিডিও তৈরির সুবিধা নিয়ে বাজারে ‘অনার ৬০০ সিরিজ’
সম্প্রতি বাংলাদেশে নিজেদের প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ অনার ৬০০ উন্মোচন করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম ব্র্যান্ড অনার। এতে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ ফিচার, যার মাধ্যমে ছবি তোলা থেকে শুরু করে সহজেই তৈরি করা যাবে সিনেম্যাটিক ভিডিও। প্রো ও রেগুলার, ফোনটির উভয় সংস্করণের জন্যই আগামী ১৫ মে পর্যন্ত অগ্রিম বুকিং দেয়া যাবে।
গতকাল বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই সিরিজটি উন্মোচন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুওসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও, অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি সাংবাদিক, টেক রিভিউয়ার এবং ইনফ্লুয়েন্সারেরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পণ্যের উপস্থাপনার পাশাপাশি অনারের ‘এআইওটি’ ভিশন নিয়ে একটি বিশেষ বক্তব্য প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল এক্সপেরিয়েন্স জোন, ডিজে পারফরমেন্স ও আকর্ষণীয় ফ্যাশন শো।
অনার ৬০০ ৫জি সিরিজের অন্যতম বিশেষত্ব হলো এর মাত্র ০.৯৮ মিমি বেজেল, যা বর্তমানে স্মার্টফোন খাতে সবচেয়ে সরু বেজেল হিসেবে স্বীকৃত। স্মার্টফোনটিকে টেকসই ও স্টাইলিশ করে তুলতে এর প্রিসিশন-কার্ভড ইউনিবডি ডিজাইনে ব্যবহার করা হয়েছে কম্পোজিট ফাইবার ব্যাক এবং ম্যাট মেটাল ফিনিশ। পাশাপাশি, সুরক্ষার জন্য রয়েছে ‘এসজিএস ৫-স্টার’ সার্টিফিকেশন। এর ফলে, ফোনটিকে দৈনন্দিন ব্যবহারের ছোটখাটো আঘাত ও পড়ে যাওয়া থেকে সুরক্ষিত থাকবে।
আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি উন্নত ফটোগ্রাফি অভিজ্ঞতার জন্য ফোনগুলোতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের নেক্সট-জেনারেশন এআই ক্যামেরা সিস্টেম। পেশাদার মানের ভিডিও নিশ্চিতে এতে যুক্ত করা হয়েছে ‘সিআইপিএ ৬.০’ গ্রেডের ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি।
এ ছাড়া প্রথমবারের মতো ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ ফিচার আনা হয়েছে, যার মাধ্যমে স্থির ছবিকে সিনেমাটিক ভিডিওতে রূপান্তর করা সম্ভব। সাথে অনারের ডেডিকেটেড এআই বাটন এটিকে আরও সহজ করে দিয়েছে। স্বল্প আলোয় নিখুঁত ছবির জন্য এতে রয়েছে ‘আল্ট্রা ক্লিয়ার নাইট ক্যামেরা,’ যা উন্নত এআই কালার ইঞ্জিন এবং ফ্ল্যাগশিপ গ্রেড নাইট অ্যালগরিদমের সমন্বয়ে কাজ করে।
স্মার্টফোনটির প্রসেসর ও ব্যাটারি ব্যাকআপে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। সিরিজের প্রো ভ্যারিয়েন্টে শক্তিশালী ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট’ এবং রেগুলার ভ্যারিয়েন্টে ‘স্ন্যাপড্রাগন ৭ জেন ৪’ চিপসেট ব্যবহার করা হয়েছে। দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিতে ফোন দুটিতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। দ্রুত চার্জিংয়ের জন্য এতে রয়েছে ৮০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস সুপারচার্জিং প্রযুক্তি।
নতুন এই সিরিজের মাধ্যমে দেশের স্মার্টফোনপ্রেমীদের প্রিমিয়াম অভিজ্ঞতায় এক নতুন মাত্রা যোগ হবে বলে প্রত্যাশা করছে অনার বাংলাদেশ।

এনটিভি অনলাইন ডেস্ক