জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন
আন্তর্জাতিক গার্লস ইন আইসিটি ডে ২০২৬ উপলক্ষে অ্যাকমি এআই লিমিটেড ও জাগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলের কিশোরী শিক্ষার্থীদের জন্য একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) লিটারেসি সেশন অনুষ্ঠিত হয়েছে।
এই উদ্যোগের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণার সঙ্গে পরিচিত করা এবং প্রযুক্তির দায়িত্বশীল ও নৈতিক ব্যবহারে উদ্বুদ্ধ করা।
সেশনে এআই কী, এটি কীভাবে দৈনন্দিন জীবন ও ভবিষ্যতের কর্মক্ষেত্রে প্রভাব ফেলছে, নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর বিশ্বে সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে ওঠার বিভিন্ন দিক তুলে ধরা হয়। ইন্টারঅ্যাকটিভ এই আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এআই-এর সম্ভাবনা ও ঝুঁকি সম্পর্কে জানার পাশাপাশি বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়।
অ্যাকমি এআই লিমিটেডের স্ট্র্যাটেজিক সাপোর্ট লিড সুমাইয়া সিদ্দিকি বলেন, ‘মেয়েদের এআই সম্পর্কে জানানো শুধু প্রযুক্তি শেখানো নয়, এটি অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের বিষয়। এআই কীভাবে কাজ করে এবং কীভাবে দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হয়, তা জানলে তারা ভবিষ্যতের ডিজিটাল বিশ্ব গঠনে আত্মবিশ্বাসের সঙ্গে ভূমিকা রাখতে পারবে।’
জাগো ফাউন্ডেশনের লিড ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট অপূর্ব কর্মকার বলেন, ‘শিক্ষাব্যবস্থার সঙ্গে এআই লিটারেসি যুক্ত করা সময়ের দাবি। বিশেষ করে মেয়েদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। এটি ডিজিটাল বৈষম্য কমাতে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়ক হবে।’
জাগো ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করে আসছে। ডিজিটাল শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী করে তুলতে প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।
আয়োজকরা জানান, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা ও ডিজিটাল অন্তর্ভুক্তিকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাদের মতে, সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে মেয়েরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তি উদ্ভাবন ও নেতৃত্বের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

নিজস্ব প্রতিবেদক