বারবার চার্জ দেওয়ার ঝামেলা কমাবে ৮১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির ফোন
দেশের বাজারে স্মার্টফোন ব্র্যান্ড অনারের নতুন মডেল ‘অনার ৬০০এস’-এর বিক্রি শুরু হয়েছে। স্মার্টফোন ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজলের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ফোনটি বাজারজাত করছে অনার বাংলাদেশ। প্রাথমিকভাবে ড্যাজলের নির্ধারিত আউটলেটগুলোতে ফোনটি পাওয়া যাচ্ছে।
গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ড্যাজলের শোরুমে এক আয়োজনের মধ্য দিয়ে ফোনটির বিক্রি কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ল্যাং গুও, হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন প্রযুক্তি ও জীবনধারাবিষয়ক কনটেন্ট নির্মাতারা।
ড্যাজল থেকে ফোনটি কিনলে উপহার হিসেবে পাওয়া যাচ্ছে অনার স্মার্ট ওয়াচ ৬আই ও একটি ট্রাভেল ব্যাগ। পাশাপাশি ড্যাজল কেয়ার প্লাসের আওতায় থাকছে বর্ধিত সুরক্ষা ও রক্ষণাবেক্ষণ সুবিধা। ফোনটি কিনে মোটরসাইকেল জেতার লটারিতেও অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া ছয় মাসের সুদবিহীন কিস্তিতে ফোনটি কেনা যাবে। বিশেষ অফারটি আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে।
অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ল্যাং গুও বলেন, অনার ৬০০এসে দৈনন্দিন ব্যবহারকারীদের প্রয়োজন বিবেচনায় বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে। ড্যাজলের সঙ্গে অংশীদারত্বের ফলে গ্রাহকেরা সরাসরি ফোনটি দেখে এর প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন। স্মার্টফোনের পাশাপাশি সংযুক্ত প্রযুক্তিপণ্যের সমন্বিত ব্যবস্থার প্রসারেও কাজ করছে অনার।
অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন জানান, ড্যাজলের সঙ্গে এক্সক্লুসিভ অংশীদারত্বের মাধ্যমে প্রথম পর্যায়ে ফোনটি বাজারজাত করা হচ্ছে। ১৭ নভেম্বর পর্যন্ত ড্যাজলের আউটলেটগুলোতে ফোনটি বিশেষ অফারে পাওয়া যাবে। ১৮ নভেম্বর থেকে দেশব্যাপী অন্যান্য বিক্রয়কেন্দ্রেও এটি পাওয়া যাবে।
তিনি আরও জানান, ড্যাজলের গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা হিসেবে রয়েছে ড্যাজল কেয়ার সেবা। এর আওতায় ফোনের ক্ষতি হলে রিপ্লেসমেন্ট সুবিধা, বর্ধিত ওয়ারেন্টি এবং কিস্তিতে কেনার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, ৪৬ হাজার টাকা মূল্যের ফোনটি বিভিন্ন কিস্তি সুবিধায় কেনা যাবে। ড্যাজলের পক্ষ থেকে কিস্তির মেয়াদ বাড়ানোর বিশেষ সুবিধাও রয়েছে।
ড্যাজলের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল ইসলাম খান বলেন, এই অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকেরা অনারের নতুন প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন। ড্যাজলের বিভিন্ন বিক্রয়কেন্দ্রে ফোনটি বিশেষ অফারসহ পাওয়া যাচ্ছে।
ব্যাটারি ও প্রযুক্তিগত সুবিধা
অনার ৬০০এসের অন্যতম আকর্ষণ এর ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এতে রয়েছে ৪৫ ওয়াটের দ্রুত চার্জিং সুবিধা। বড় ব্যাটারির কারণে ঘন ঘন চার্জ দেওয়ার ঝামেলা কমবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
ফোনটিতে আড়াই মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার ধাক্কা সামলানোর সক্ষমতা এবং আইপি৬৯ মানের পানি প্রতিরোধব্যবস্থা রয়েছে। এ ছাড়া আলাদা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বাটনের মাধ্যমে বিভিন্ন এআই সুবিধা ব্যবহার করা যাবে।
এর উল্লেখযোগ্য ফিচারগুলোর মধ্যে রয়েছে এআই ইমেজ টু ভিডিও ২.০। এই সুবিধার মাধ্যমে কথোপকথনের মতো নির্দেশনা দিয়ে ছবি থেকে ছোট ভিডিও তৈরি ও সম্পাদনা করা সম্ভব।
অনার জানিয়েছে, ফোনটি বাংলাদেশেই সংযোজন করা হচ্ছে। গত বছরের ডিসেম্বরে দেশে উৎপাদন কার্যক্রম শুরুর পর থেকে স্থানীয় বাজারে ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক ও দেশীয় মোবাইল ফোন বাজারের চ্যালেঞ্জের মধ্যেও গ্রাহকদের চাহিদা বিবেচনায় পণ্য ও সেবা সম্প্রসারণে কাজ করছে তারা।

এনটিভি অনলাইন ডেস্ক