দেশে বাড়ছে স্মার্টফোন উৎপাদন
দেশের মোবাইল ফোন উৎপাদন খাতে বাড়ছে স্মার্টফোনের অংশ। একসময় ফিচার ফোনের প্রাধান্য থাকলেও ধীরে ধীরে বদলাচ্ছে সেই চিত্র। গত সেপ্টেম্বরে দেশে সংযোজিত মোট হ্যান্ডসেটের ৪৯ দশমিক ০৪ শতাংশই ছিল স্মার্টফোন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত উৎপাদনসংক্রান্ত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
বিটিআরসির তথ্য অনুযায়ী, জুনে মোট উৎপাদিত হ্যান্ডসেটের ৩০ দশমিক ৭১ শতাংশ ছিল স্মার্টফোন। জুলাইয়ে তা বেড়ে ৩২ দশমিক ২১ শতাংশ এবং আগস্টে ৩৩ দশমিক ৮৩ শতাংশে দাঁড়ায়। সেপ্টেম্বরে তা এক লাফে বেড়ে ৪৯ দশমিক ০৪ শতাংশে পৌঁছায়। বিপরীতে, ফিচার ফোনের উৎপাদন অংশ জুনের ৬৯ দশমিক ২৯ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯৬ শতাংশে।
এ বিষয়ে সিম্ফনি মোবাইলের মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের (এমআইওবি) সভাপতি জাকারিয়া শহীদ বলেন, কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ তৈরি হওয়ায় গ্রাহকদের আগ্রহ বাড়ছে। স্মার্টফোনের ব্যবহার আরও বাড়াতে মোবাইল অপারেটরদের সমন্বিত অফার চালু করা প্রয়োজন।
এদিকে, চলতি বছরের প্রথম নয় মাসে দেশে ইন্টারনেট সংযোগ বেড়েছে ৮৮ লাখ ২০ হাজার। বিটিআরসির হিসাবে, জানুয়ারিতে মোট ইন্টারনেট সংযোগ ছিল ১২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার, যা সেপ্টেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৭৮ লাখ ১০ হাজারে। এর মধ্যে মোবাইল ইন্টারনেট সংযোগ বেড়েছে ৮০ লাখ ৪০ হাজার এবং ব্রডব্যান্ড সংযোগ বেড়েছে ৭ লাখ ৮০ হাজার।
নেটওয়ার্ক প্রযুক্তির দিক থেকেও উৎপাদনে পরিবর্তন দেখা যাচ্ছে। সেপ্টেম্বরে দেশে ৭ লাখ ৯২ হাজার ৪জি হ্যান্ডসেট সংযোজন হয়েছে, যা গত এপ্রিলের পর এক মাসে সর্বোচ্চ। এপ্রিলে উৎপাদিত হয়েছিল ১০ লাখ ২ হাজার ইউনিট।
তবে সামগ্রিক উৎপাদনে এখনও এগিয়ে রয়েছে ২জি হ্যান্ডসেট। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৯৩ লাখ ১৬ হাজার ২জি, ৫৩ লাখ ৯৮ হাজার ৪জি এবং ৩ লাখ ৭৪ হাজার ৫জি হ্যান্ডসেট সংযোজন হয়েছে।
বিটিআরসির তথ্যমতে, প্রথম নয় মাসে দেশে মোট ১ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার হ্যান্ডসেট উৎপাদিত হয়েছে। এর মধ্যে এপ্রিলে সর্বোচ্চ ২৭ লাখ ৫ হাজার হ্যান্ডসেট উৎপাদিত হয়। আগস্টে উৎপাদন ছিল ২২ লাখ ৬৬ হাজার, জুলাইয়ে ১৮ লাখ ৩৩ হাজার এবং সেপ্টেম্বরে ১৬ লাখ ৪৫ হাজার।
সব মিলিয়ে, সেপ্টেম্বরে স্মার্টফোন ও ফিচার ফোনের উৎপাদন ব্যবধান কমে এসেছে। দেশের মোবাইল ফোন শিল্পে স্মার্টফোনের অংশ বাড়ার এ প্রবণতা দীর্ঘমেয়াদে অব্যাহত থাকে কি না, তা বোঝা যাবে পরবর্তী মাসগুলোর উৎপাদন পরিসংখ্যানে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)