জিটিএ ৬ ঝড়ে কাঁপছে বিশ্ব, এক দিনেই আয় ৪৭ হাজার কোটি টাকা
রকস্টার গেমসের নতুন ব্লকবাস্টার গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬) বাজারে আসার প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই বিশ্বজুড়ে প্রায় ৩৭৯ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ হাজার ২৮০ কোটি টাকা) আয় করেছে। গেমটির মূল কোম্পানি ‘টেক-টু ইন্টারঅ্যাক্টিভ’ এই তথ্য প্রকাশ করেছে। কোম্পানিটি জানিয়েছে, গেমটি মুক্তির দিন গত ১৯ নভেম্বর বিশ্বব্যাপী বিক্রির হিসাবের ভিত্তিতে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে। খবর এনডিটিভির।
কোম্পানিটি আরও জানায়, মুক্তির আগেই জিটিএ ৬-এর ৩ কোটি ২৫ লাখ কপি বিক্রি হয়েছে, যা বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে একটি নতুন রেকর্ড।
শুরুতেই জিটিএ ৬ –এর এই সাফল্যকে তুলনা করা হচ্ছে হলিউডের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর সঙ্গে।
রকস্টার গেমস ও টেক-টু ইন্টারঅ্যাক্টিভের তথ্য অনুযায়ী, জিটিএ ৬-এর প্রথম দিনের সম্ভাব্য বিক্রয় আয় ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার বিশ্বব্যাপী বক্স-অফিস আয়কে ছাড়িয়ে গেছে। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমাটি পুরো প্রদর্শনী চলাকালীন সময়ে প্রায় ২৯৪ কোটি ডলার আয় করেছিল। তবে, এই দুটি পরিসংখ্যান ভিন্ন ভিন্ন ব্যবসায়িক মডেলের ওপর ভিত্তি করে তৈরি, তাই এদের সরাসরি তুলনা করা কঠিন। কারণ, জিটিএ ৬-এর ক্ষেত্রে এই আয় এসেছে মাত্র একদিনের বিক্রয় থেকে, আর সিনেমার ক্ষেত্রে এই মোট আয় অর্জিত হয়েছিল প্রেক্ষাগৃহে কয়েক মাস ধরে প্রদর্শনী থেকে।
কোম্পানিগুলো জিটিএ ৬-এর মুক্তিকে বিনোদন অঙ্গনের ইতিহাসের সবচেয়ে বড় সূচনা হিসেবে অভিহিত করেছে। যদিও এই দাবিটি কোম্পানিটির নিজস্ব বিক্রয় তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে।
বিশ্বজুড়ে খেলোয়াড়দের ধন্যবাদ জানাল রকস্টার
রকস্টার গেমসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট স্যাম হাউজার গেমটির মুক্তিতে সাড়া দেওয়ায় বিশ্বজুড়ে খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে আমরা ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ মুক্তির মাধ্যমে রকস্টার গেমসের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছি। তিনি আরও যোগ করেন, বিশ্বজুড়ে পাওয়া এমন অভূতপূর্ব সাড়া দেখে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।
১৩ বছরেরও বেশি সময় পর এটি এই সিরিজের নতুন প্রধান সংস্করণ। টেক-টু ইন্টারঅ্যাক্টিভের তথ্য অনুযায়ী, এর আগের সংস্করণ ‘গ্র্যান্ড থেফট অটো ৫’ ২০১৩ সালে মুক্তি পেয়েছিল এবং প্রথম তিন দিনেই ১০০ কোটি ডলারের বেশি আয় করেছিল।
জিটিএ ৬-এর প্রেক্ষাপট কোথায়?
জিটিএ ৬ খেলোয়াড়দের নিয়ে যায় লিওনিডা নামক যুক্তরাষ্ট্রের একটি কাল্পনিক অঙ্গরাজ্যে, যা ফ্লোরিডা থেকে অনুপ্রাণিত। গেমটিতে ফিরে আসা হয়েছে ভাইস সিটি-তে, যা এই ফ্র্যাঞ্চাইজির মিয়ামির একটি কাল্পনিক সংস্করণ।
গেমটির কাহিনী আবর্তিত হয় জেসন ডুভাল ও লুসিয়া কামিনোস নামের দুই প্রধান চরিত্রকে ঘিরে, যারা একটি বিশাল অপরাধমূলক ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ে।
গেমটি বর্তমানে প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স|এস-এ খেলা যাচ্ছে।
এই মুক্তি গেমিং শিল্পের জন্য কী তাৎপর্য বহন করে?
রেকর্ড সৃষ্টিকারী এই সূচনা ভিডিও গেম শিল্পের ক্রমবর্ধমান বাণিজ্যিক শক্তিকে তুলে ধরে। এখন বড় ধরনের গেম রিলিজগুলো এমন মাত্রায় দর্শক আকর্ষণ করতে পারে এবং অর্থ ব্যয়ের সুযোগ তৈরি করতে পারে, যা বিশ্বের বৃহত্তম বিনোদনমূলক ইভেন্টগুলোর সঙ্গে তুলনীয়।
রকস্টার গেমস এবং টেক-টু ইন্টারঅ্যাক্টিভের প্রকাশিত তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই প্রায় ৩৭৯ কোটি ডলার খুচরা বিক্রি হয়েছে, যা গেমিং খাতে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। তবে, এই সংখ্যাটি কেবল আনুমানিক খুচরা বিক্রির পরিমাণ; এটিকে কোম্পানিগুলোর মুনাফা বা স্বীকৃত আয়ের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না।

এনটিভি অনলাইন ডেস্ক