করোনাভাইরাস ঠেকাতে চীনে আপাতত বিয়ে স্থগিত!
বিশ্বব্যাপী আতঙ্কের নাম এখন করোনাভাইরাস। চীনে প্রাণঘাতী এ ভাইরাসের আক্রান্ত হয়ে এরইমধ্যে ২৫৯ জন মারা গেছে এবং অন্তত ১২ হাজার মানুষ আক্রান্ত হয়েছে।
দেশটিতে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সহায়তার জন্য চীন সরকার দেশটির নাগরিকদের বিয়ের জনপ্রিয় তারিখে (০২/০২/২০২০) বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে বিরত থাকতে ও শেষকৃত্য অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।
শনিবার দেশটির নাগরিক কল্যাণবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়, খবর ভয়েজ অব আমেরিকার।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘চলতি বছরের ২ ফেব্রুয়ারি (০২/০২/২০২০) যারা বিবাহ নিবন্ধনের ঘোষণা দিয়েছেন কিংবা অঙ্গীকার করেছেন, তাঁদের সবাইকে এটি বাতিল করে অন্যদের কাছে পরিস্থিতি ব্যাখ্যা করার পরামর্শ দেওয়া হচ্ছে।’
এ বছরের ২ ফেব্রুয়ারিকে বিয়ের অনুষ্ঠানের জন্য সৌভাগ্যের তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ ‘০২০২২০২০’ সংখ্যাটি উভয়দিক থেকে পড়তে একই রকম।
চীনে রোববার অফিস বন্ধ থাকলেও এ বছর দেশটির রাজধানী বেইজিং, সাংহাই ও অন্যান্য কিছু শহর এই দিনে বিয়ে নিবন্ধন সেবা চালু রাখার ঘোষণা দিয়েছিল।

অনলাইন ডেস্ক