করোনাভাইরাস নিয়ে ভিডিও কনফারেন্সে সার্ক নেতারা
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সদস্য দেশগুলোর নেতারা ‘করোনাভাইরাস মোকাবিলায় একটি দৃঢ় কৌশল প্রণয়নের’ লক্ষ্যে আজ রোববার ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন।
বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সূচনা বক্তব্যের মধ্য দিয়ে ভিডিও কনফারেন্স শুরু হয়। মোদির পর বক্তব্য দেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আফরাফ ঘানি। এরপর বক্তব্য দেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। অনুষ্ঠানের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত রয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে করোনাভাইরাস মোকাবিলায় একটি কৌশল প্রণয়নের লক্ষ্যে সার্ক নেতারা এই কনফারেন্সে যোগ দিলেন। গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী যে প্রস্তাব দেন, বাংলাদেশসহ সব সার্ক সদস্য দেশ তাতে সাড়া দেয়। সবশেষ গতকাল শনিবার সাড়া দেয় পাকিস্তান।
শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় করোনাভাইরাস মোকাবিলায় দৃঢ় কৌশল অবলম্বনের জন্য সার্ক নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি প্রস্তাব করতে চাই যে, সার্ক দেশগুলোর নেতারা করোনাভাইরাস মোকাবিলায় দৃঢ় কৌশল অবলম্বন করবেন। আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের নাগরিকদের সুস্থ রাখার উপায় নিয়ে আলোচনা করতে পারি।’
ভাইরাস আক্রান্ত হয়ে উৎপত্তিস্থল চীনে তিন হাজার ১৭৬ জনসহ বিশ্বে এ পর্যন্ত মোট পাঁচ হাজার লোকের মৃত্যু হয়েছে।
মোদির এই টুইটের কয়েক ঘণ।টার মধ্যেই দক্ষিণ এশিয়ার চারটি দেশ- নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের নেতারা তাদের দেওয়া জবাবে করোনাভাইরাসের বিস্তার রোধে সম্মিলিত প্রচেষ্টার যে প্রস্তাব মোদি দিয়েছেন তাকে সমর্থন জানান। এরমধ্যে করোনা ১২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সংক্রমিত হয়েছে এক লাখ ৩৪ হাজার ৩০০ লোক।

অনলাইন ডেস্ক