ট্রাম্পের আদেশের বিরুদ্ধে টিকটকের আবেদন
যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন অ্যাপ নিষিদ্ধে হোয়াইট হাউসের প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্দেশ কার্যকর করা বন্ধে আবেদন জানিয়েছে টিকটক।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ওয়াশিংটনের একটি আদালতে এ আবেদন জানিয়েছে টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইট ড্যান্স।
মার্কিন নিরাপত্তা উৎকণ্ঠা দূর করতে যুক্তরাষ্ট্রে এই অ্যাপের মালিকানা পুনর্গঠনে বেধে দেওয়া বৃহস্পতিবারের সময়সীমার সম্মুখীন হচ্ছে বাইট ড্যান্স।
আদালতে করা আবেদনে টিকটক আরো সময় প্রার্থনা করে বলেছে, তাদের প্রস্তাবিত সমাধান বিষয়ে তারা যথাযথ সাড়া পায়নি।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ৩০ দিন সময় বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করেছে। বাইট ড্যান্স জানিয়েছে, তারা অব্যাহতভাবে নতুন বিভিন্ন আবেদনের সম্মুখীন হচ্ছে এবং তাদের প্রস্তাবিত সমাধান গ্রহণ করা হবে কি-না সে ব্যাপারেও সুস্পষ্ট করে কিছু বলা হয়নি।

এনটিভি অনলাইন ডেস্ক