তেলেঙ্গানায় কয়লা খনির ছাদ ধসে ৪ শ্রমিকের মৃত্যু
ভারতের তেলেঙ্গানায় একটি কয়লা খনির ছাদ ধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রতীকী ছবি
ভারতের তেলেঙ্গানায় একটি কয়লা খনির ছাদ ধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মানচেরিয়াল জেলার শ্রীরামপুরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
খনি প্রকল্পটি পরিচালনা করছে রাষ্ট্র মালিকানাধীন সিঙ্গারেনি কোলিয়ারি কোম্পানি লিমিটেড (এসসিসিএল)।
বুধবার স্থানীয় সময় বিকেলে খনির ছাদের একাংশ ভেঙে পড়লে বড় বড় পাথরের নিচে চার শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় বলে জানিয়েছে পুলিশ। নিহত শ্রমিকদের বয়স ৩২ থেকে ৬০ এর মধ্যে।
ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসসিসিএলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এন শ্রীধর। তিনি জানান, ঘটনা তদন্তের পর প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক