দিনমজুর থেকে মডেল, নেট দুনিয়ায় ভাইরাল
ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ের বাসিন্দা মাম্মিক্কা (৬০)। পেশায় একজন দিনমজুর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তিনি।
স্থানীয় একটি প্রতিষ্ঠানের প্রচারের জন্য ফটোশুট করেছেন মাম্মিক্কা। ফটোশুটে মাম্মিক্কা একটি স্যুট পরেছিলেন এবং সে সময় তাঁর হাতে একটি আইপ্যাড দেখা যায়। মাম্মিক্কার এই নতুন লুক তুমুল সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। খবর দ্য ইকোনমিক টাইমসের।
শারিক ভায়ালিল নামের এক আলোকচিত্রী দিনমজুর মাম্মিক্কাকে আবিষ্কার করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাম্মিক্কার একটি ছবি পোস্ট করেছিলেন, যা খুব মিলে গিয়েছিল মালয়েলি অভিনেতা বিনয়কানের সঙ্গে। ভাইরাল হয়েছিল ছবিটি। এর পর থেকে মাম্মিক্কার জন্য ফটোশুটের প্রস্তাব আসতে থাকে একের পর এক।
সম্প্রতি মাম্মিক্কার মডেলিংয়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন আলোকচিত্রী শারিক। এরই মধ্যে হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন।
মাম্মিক্কার এখন একটি ইনস্টাগ্রাম পেজ রয়েছে। যেখানে তাঁর সাধারণ পোশাকের পাশাপাশি মডেলিংয়ের ছবিও শেয়ার করা হয়েছে। এই ছবিগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখন শুধু নিজের শহরে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হয়ে উঠেছেন মাম্মিক্কা।
মাম্মিক্কা বলেছেন, তিনি তাঁর সাফল্যে আনন্দিত। নিয়মিত কাজের পাশাপাশি সুযোগ এলে মডেলিং চালিয়ে যাবেন।

এনটিভি অনলাইন ডেস্ক