আইএস নিধনে কানাডার নারী মডেল
একসময় সৌন্দর্য দিয়ে সবার নজর কাড়তেন কানাডার মডেল হানা টাইগার বোহম্যান। পরে তাঁর আবির্ভাব হয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ত্রাস হিসেবে। কুর্দি জনগোষ্ঠীর নারী সামরিক ইউনিটে (ওয়াইপিজে) যোগ দিয়ে জঙ্গি নিধনে কাজ করেছেন।
সিরিয়ার উত্তরাঞ্চলে রয়েছে আইএসের আনাগোনা। সেখানেই আইএস ধ্বংসে নিজেকে নিবেদিত করেছেন হানা। বিবিসি সাংবাদিক ইমা ভারডিকে তিনি বলেন, ‘এরা শুধু আইএসের বিরুদ্ধে যুদ্ধ নয়। তারা একটি সমস্যা। তবে ওয়াইপিজের মূল লক্ষ্য হলো নারী অধিকার রক্ষায় কাজ করা। আর আইএস যতক্ষণ পুরোপুরি ধ্বংস না হয়, ততক্ষণ তারা এই যুদ্ধ চালিয়ে যাবে।’ তিনি বলেন, ‘এখানের নারীদের সঙ্গে দাসীর মতো আচরণ করা হয়। জোর করে বিয়ে দেওয়া হয়। এতে তারা ক্লান্ত হয়ে পড়েছে। যন্ত্রের মতো কাজ করতে তাদের বাধ্য করা হয়।’
হানা আরো বলেন, মডেল হিসেবে তাঁর জীবন অনেক অপমানজনক ছিল। কারণ সেটি ছিল জীবনের খুবই ছোট একটি অংশ। ওই জীবনকে তিনি কখনই উপভোগ করেননি।

হানা বলেন, ‘আমার জীবনটা এমনভাবে যাচ্ছিল যা আমি মোটেও পছন্দ করতাম না। তবে আমি অস্ত্র হাতে তুলে নিয়েছি এবং বিশ্বাস করি এমন কিছুর জন্য লড়ছি। আপনি একজন নারী হওয়ার পাশাপাশি আপনি ত্রাসও হতে পারেন।’
বিবিসি সাংবাদিককে হানা জানান, তিনি এখন অস্ত্র ব্যবহার করা শিখে গেছেন। কানাডায় থাকতে তিনি প্রায়ই শিকারে যেতেন। তবে মানুষের দিকে বন্দুক তাক করা অনেক কঠিন। কিন্তু আইএস সদস্যদের মানুষ বলে মনে করেন না তিনি।
মধ্যপ্রাচ্যে আইএস নিধনে যাওয়ার আগে নিজের জীবনের মায়াটা ত্যাগ করতে হবে বলে জানান সাবেক এই মডেল।

বিবিসি